বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান একদিন আবার ভারতের অংশ হবে বলে মন্তব্য করেছেন ভারতের যোগগুরু রামদেব। একই সঙ্গে এ বিষয়ে ভারতীয়দের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন তিনি।

রায়পুরের স্বামী বিবেকানন্দ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব মন্তব্য করেন। ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এ তথ্য জানিয়েছে।

ভারতে কোনো ধর্মই হুমকির মুখে নেই দাবি করে রামদেব বলেন, হুমকির মুখে রয়েছে ভারতের সম্মান ও মর্যাদা। একই সঙ্গে পাকিস্তান ও বাংলাদেশে হিন্দুদের ওপর নির্যাতন ও অবিচারের অভিযোগ করেন তিনি।

পাকিস্তান ও বাংলাদেশে হিন্দুদের পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে রামদেব বলেন, ‘পাকিস্তান ও বাংলাদেশে হিন্দুরা যে নির্যাতন ও অবিচারের শিকার হয়েছেন, তা মানবসভ্যতার ইতিহাসে সবচেয়ে বড় নিষ্ঠুরতার ঘটনাগুলোর মধ্যে পড়ে।’

ভারতের ভবিষ্যৎ নিয়ে নিজের অবস্থান তুলে ধরে তিনি বলেন, ‘একদিন এমন সময়ও আসবে, যখন পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তান আবার ভারতের সঙ্গে যুক্ত হবে। শুধু একটু ধৈর্য ধরুন।’

ধর্মান্তর এবং তা ঠেকাতে ছত্তিশগড়ে প্রণীত আইন প্রসঙ্গে রামদেব বলেন, হিন্দু, খ্রিষ্টান বা মুসলিমদের ওপর নির্যাতনের অভিযোগ মূলত রাজনৈতিক বক্তব্যের অংশ। ভবিষ্যতে ধর্মীয় পরিবর্তনের কারণে যেন কাউকে নির্যাতনের শিকার হতে না হয়, তা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন তিনি।

রামদেব আরও বলেন, গণতন্ত্রে মতপ্রকাশের স্বাধীনতা থাকলেও তা সংবিধান ও নৈতিকতার সীমার মধ্যে থাকা উচিত।

তিনি বলেন, ভারতকে বিশ্বের সেরা গণতন্ত্রে পরিণত করতে চান তিনি। একই সঙ্গে ভারতীয় নাগরিকদের বিশ্বের সেরা নাগরিক হিসেবে দেখতে চান। তার প্রত্যাশা, ভারতের অর্থনীতি বিশ্বের সেরা হবে, রুপির মূল্য ডলার ও পাউন্ডের সমপর্যায়ে যাবে এবং ভারতীয় পাসপোর্ট এত শক্তিশালী হবে যে বিশ্বের কোথাও ভারতীয়দের ভিসার প্রয়োজন হবে না।

সূত্র: ইন্ডিয়া টুডে