ব্রাহ্মণবাড়িয়ার কসবা এবং কুমিল্লার ব্রাহ্মণপাড়া ও বুড়িচং সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৩৫ লাখ ৫ হাজার ২৫০ টাকা মূল্যের ভারতীয় অবৈধ চোরাচালানী পণ্য জব্দ করেছে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)।
মঙ্গলবার (১৮ আগস্ট) সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চন্ডিদার, মাদলা, খাদলা, সালদানদী, শশীদল, শংকুচাইল ও খারেরা বিওপির টহলদল নিজ নিজ দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এসব অভিযান পরিচালনা করে।
বিজিবির তথ্যমতে, অভিযানে রেডবুল এনার্জি ড্রিংকস, হেয়ার অয়েল, অলিভ অয়েল, ফুসকা, বাসমতি চাল, বাজি, শাড়ি, গরু, স্যুটের কাপড়, মদ, বিয়ার, ইস্কাফ সিরাপ ও ইজিবাইকসহ বিভিন্ন ভারতীয় অবৈধ পণ্য জব্দ করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ৩৫ লাখ ৫ হাজার ২৫০ টাকা।
সীমান্তে নিয়মিত চোরাচালানবিরোধী অভিযান ও বিপুল পরিমাণ পণ্য জব্দের পরও চোরাচালান বন্ধ না হওয়ায় নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি উদ্বেগ প্রকাশ করেছেন।
তারা অভিযোগ করে বলেন, “চোরাচালানের পণ্য জব্দ হচ্ছে, অনেক ক্ষেত্রে বাহকরাও আটক হচ্ছে; কিন্তু এর নেপথ্যে থাকা মূল হোতারা ধরাছোঁয়ার বাইরে থাকায় চোরাচালান দমনে প্রত্যাশিত সুফল পাওয়া যাচ্ছে না।”
স্থানীয়দের মতে, চোরাচালান বন্ধে শুধু পণ্য জব্দ নয়, এর সঙ্গে জড়িত মূল হোতা ও নিয়ন্ত্রণকারী চক্রকে শনাক্ত করে আইনের আওতায় আনা জরুরি। পাশাপাশি সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি আরও বাড়ানোর দাবি জানান তারা।
সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) জানিয়েছে, সীমান্তের নিরাপত্তা রক্ষার পাশাপাশি মাদক, চোরাচালান, নারী ও শিশু পাচার এবং পুশ-ইন প্রতিরোধে অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবির চলমান অভিযানকে আরও জোরদার করার পাশাপাশি চোরাচালানের নেপথ্যে থাকা ব্যক্তিদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার প্রত্যাশা স্থানীয়দের।