স্বামী তৌফিক নেওয়াজের মৃত্যুর ঘটনায় মানবিক বিবেচনায় কারাগারে থাকা সাবেক শিক্ষামন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনিকে প্যারোলে মুক্তির অনুমতি দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১২ ঘণ্টার জন্য তাকে প্যারোলে মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছে মুন্সিগঞ্জ জেলা প্রশাসন।

বুধবার (১৯ আগস্ট) স্বামীর মৃত্যুর পর দীপু মনির পক্ষ থেকে প্যারোলে মুক্তির আবেদন করা হয়। মানবিক দিক বিবেচনায় নিয়ে মুন্সিগঞ্জের জেলা প্রশাসক ওই আবেদন মঞ্জুর করেন।

এর আগে বুধবার দুপুরে দীপু মনির পরিবারের পক্ষ থেকে মুন্সিগঞ্জ জেলা প্রশাসকের কাছে প্যারোলে মুক্তির আবেদন করেন আইনজীবী অ্যাডভোকেট গাজী ফয়সাল ইসলাম। এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে দীপু মনির মেয়ে তানি দিপাবলী নেওয়াজ কারাগারে গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেন। পরে দীপু মনির সঙ্গে আলোচনা ও পরামর্শ করে পরিবারের পক্ষ থেকে প্যারোলে মুক্তির আবেদন করা হয়।

এ সময় দীপু মনির পরিবারের তিন সদস্য ও তার আইনজীবী জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত ছিলেন।

দীপু মনির আইনজীবী জানান, স্বামীর মৃত্যুর বিষয়টি বিবেচনায় নিয়ে মানবিক কারণে প্যারোলে মুক্তির আবেদন করা হয়েছিল। জেলা প্রশাসনের অনুমোদনের পর কারাগার থেকে তাকে মুক্তির প্রয়োজনীয় কার্যক্রম নেওয়া হবে।

মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ। তিনি দীর্ঘদিন ধরে কিডনি ও লিভারের বিভিন্ন জটিলতায় ভুগছিলেন।