বাংলাদেশের জুলাই বিপ্লবের প্রভাব তরুণদের সামাজিক, মানসিক ও রাজনৈতিক জীবনে কতটা পরিবর্তন এনেছে—তা নিয়ে গবেষণা করছেন তরুণ গবেষক ফাতেমাতুজ জোহরা তন্বী। তাঁর পরিচালিত গবেষণাটি আন্তর্জাতিক সম্মেলনে উপস্থাপনের জন্য নির্বাচিত হয়েছে।

“From the July Revolution to the Ballot Box: Social Media Exposure, Psychological Well-Being, Civic Awakening, and Youth Participation in Bangladesh’s 13th Parliamentary Election” শীর্ষক গবেষণাটির abstract ইতোমধ্যে 2nd International Conference on Bangladesh Studies (ICBS-II 2026)-এ অনলাইন প্রেজেন্টেশনের জন্য conditionally pre-accepted হয়েছে।

সম্মেলনটি Center for Policy and Social Research (CPSR) আয়োজনে এবং তুরস্কের Istanbul University-এর সংশ্লিষ্টতায় আগামী ১০ অক্টোবর ২০২৬ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

গবেষণায় মূলত জুলাই বিপ্লবের সময় ও পরবর্তী সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন তথ্য ও কনটেন্ট তরুণদের মানসিক সুস্থতা, নাগরিক সচেতনতা এবং রাজনৈতিক অংশগ্রহণে কী ধরনের প্রভাব ফেলেছে, তা অনুসন্ধান করা হচ্ছে।

গবেষক জানান, সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে পাওয়া তথ্য তরুণদের রাজনৈতিক ও নাগরিক সচেতনতা বৃদ্ধিতে কী ভূমিকা রেখেছে এবং একই সঙ্গে অতিরিক্ত বা নেতিবাচক কনটেন্ট তাদের মানসিক সুস্থতার ওপর কী ধরনের প্রভাব ফেলেছে—গবেষণায় এসব বিষয়কে গুরুত্ব দেওয়া হচ্ছে। পাশাপাশি তরুণদের রাজনৈতিক অংশগ্রহণ এবং নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্ততার বিষয়টিও বিশ্লেষণ করা হবে।

বর্তমানে গবেষণাটির তথ্য সংগ্রহের কাজ চলছে। ইতোমধ্যে প্রায় ৬০ জন তরুণ জরিপে অংশ নিয়েছেন। গবেষণাটিকে আরও সমৃদ্ধ ও প্রতিনিধিত্বশীল করতে ২০০-এর বেশি অংশগ্রহণকারীর মতামত সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

গবেষক ফাতেমাতুজ জোহরা তন্বী বলেন, “জুলাই বিপ্লবকে শুধু একটি রাজনৈতিক ঘটনা হিসেবে নয়, তরুণদের মানসিক, নাগরিক ও রাজনৈতিক পরিবর্তনের একটি গুরুত্বপূর্ণ সময় হিসেবেও বোঝার চেষ্টা করছি। তরুণদের নিজেদের অভিজ্ঞতা ও মতামত গবেষণার মাধ্যমে তথ্যভিত্তিকভাবে তুলে ধরাই আমার মূল লক্ষ্য।”

গবেষণাটি আন্তর্জাতিক সম্মেলনে উপস্থাপনের জন্য নির্বাচিত হওয়াকে দেশের তরুণ গবেষকদের জন্য একটি ইতিবাচক অর্জন হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। গবেষণার ফলাফল ভবিষ্যতে বাংলাদেশের তরুণ সমাজ, সামাজিক যোগাযোগমাধ্যমের ভূমিকা এবং রাজনৈতিক অংশগ্রহণ নিয়ে আরও গবেষণার ক্ষেত্রে সহায়ক হতে পারে বলে আশা করা হচ্ছে।