ময়মনসিংহের ভালুকায় পরম করুণাময় আল্লাহর প্রতি গভীর আস্থা ও বিশ্বাস থেকে নিজেদের স্বেচ্ছায় সনাতন ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এক দম্পতি। ইসলাম ধর্ম গ্রহণের পর তারা পূর্বের নাম পরিবর্তন করে নতুন নাম ধারণ করেছেন।
ইসলাম গ্রহণের পর সুমন বিশ্বাসের নাম রাখা হয়েছে সুমন আহম্মেদ এবং মনিকা বিশ্বাসের নাম রাখা হয়েছে মনিকা আহম্মেদ। একইসঙ্গে ইসলামী শরিয়াহ অনুযায়ী তাদের দুই পুত্র সন্তানেরও নতুন নাম রাখা হয়েছে। সন্তানদের নাম যথাক্রমে শাহরিয়ার আহম্মেদ সাইয়ান ও রেদোয়ান আহম্মেদ সামির।
সুমন আহম্মেদ জানান, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া যথাযথভাবে সম্পন্ন করার পাশাপাশি ইসলামী ধর্মীয় বিধি-বিধান ও আচার-অনুষ্ঠান অনুসরণ করে তারা পরিবারসহ নতুন ধর্মীয় পরিচয় গ্রহণ করেছেন।
এক যৌথ বিবৃতিতে তারা বলেন, তাদের এই সিদ্ধান্ত সম্পূর্ণ ব্যক্তিগত ও স্বেচ্ছায় গ্রহণ করা। মহান আল্লাহর প্রতি বিশ্বাস ও ভালোবাসা থেকেই তারা ইসলাম ধর্ম গ্রহণের সিদ্ধান্ত নিয়েছেন।
নতুন জীবনের পথচলায় ঈমান, আমল, সততা, শান্তি ও মানবিকতার নীতি অনুসরণ করে চলতে দেশবাসী ও সর্বস্তরের মানুষের কাছে দোয়া চেয়েছেন এই নবমুসলিম পরিবার।