২১ আগষ্ট ২০২৬: উত্তরবঙ্গের মানুষের চিকিৎসাসেবার প্রধান ভরসাস্থল দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালকে অবশেষে ১,০০০ শয্যায় উন্নীত করা হয়েছে। গত ১৬ আগস্ট ২০২৬ তারিখে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ এই শয্যা সংখ্যা বৃদ্ধি এবং বর্ধিত শয্যায় সেবা কার্যক্রম চালুর চূড়ান্ত অনুমোদন দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে। এর ফলে হাসপাতালটির শয্যা সংখ্যা ৫০০ থেকে দ্বিগুণে উন্নীত হলো।

অতিরিক্ত রোগীর চাপ ও দীর্ঘদিনের দাবি:
দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও, নীলফামারীসহ উত্তরবঙ্গের কয়েকটি জেলার লাখ লাখ মানুষ এই হাসপাতালের ওপর নির্ভরশীল। ৫০০ শয্যার এই হাসপাতালে প্রতিদিন গড়ে ১,২০০ থেকে ১,৫০০ রোগী ভর্তি থাকতেন। শয্যা সংকটের কারণে মেঝের বারান্দায় ও করিডোরে শুয়ে রোগীরা চিকিৎসা নিতেন। দীর্ঘদিন ধরে হাসপাতালটি ১,০০০ শয্যায় উন্নীত করার দাবি জানিয়ে আসছিলেন স্থানীয় বাসিন্দা ও চিকিৎসকেরা।

প্রশাসনিক অনুমোদন ও নতুন সুযোগ:
অর্থ বিভাগের সম্মতির পর এখন হাসপাতালটিতে প্রয়োজনীয় জনবল নিয়োগ, ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম বরাদ্দ দ্বিগুণ হবে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, এই সিদ্ধান্তের ফলে রোগীরা আধুনিক সুযোগ-সুবিধা পাবেন এবং শয্যার অভাবে কোনো রোগীকে আর বারান্দায় কাটাতে হবে না।

এই খবর প্রকাশের পর উত্তরবঙ্গের সাধারণ মানুষের মাঝে স্বস্তি নেমে এসেছে। স্থানীয় সুধীজন এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে দ্রুত বর্ধিত শয্যার প্রশাসনিক কার্যক্রম ও অবকাঠামোগত সুবিধা নিশ্চিত করার তাগিদ দিয়েছেন।