সুনামগঞ্জের যাদুকাটা নদী ভ্রমণে যাওয়ার পথে বৌলাই নদীতে চলন্ত হাউসবোট থেকে পড়ে রুকাইয়া নুর (১০) নামে এক শিশু নিখোঁজ হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) বিকেল আনুমানিক আড়াইটার দিকে তাহিরপুর উপজেলার দক্ষিণকুল গোদারাঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

নিখোঁজ রুকাইয়া নুর ফরিদপুরের কোতোয়ালি থানার গল চামোট ২ নম্বর সড়ক এলাকার ডা. শাহনুর রহমানের মেয়ে।

জানা গেছে, রুকাইয়া নুরসহ প্রায় ২০ জন পর্যটক ‘সাফিনা এ লাক্সারী ওয়াটার ভিলা’ নামের হাউসবোটে করে মধ্যনগর থেকে যাদুকাটা নদীর উদ্দেশ্যে রওনা হন। পথে দক্ষিণকুল গোদারাঘাট এলাকায় বৌলাই নদীতে চলন্ত হাউসবোট থেকে হঠাৎ নদীতে পড়ে যায় শিশুটি। এরপর বোটে থাকা লোকজন ও স্থানীয়রা বিভিন্নভাবে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।

হাউসবোটে থাকা পর্যটক সাজ্জাদ হোসেন সিয়াম জানান, মধ্যনগর থেকে হাউসবোটটি যাদুকাটার উদ্দেশ্যে ছেড়ে যায়। পথিমধ্যে বিকেল আনুমানিক ৩টার দিকে শিশুটি নদীতে পড়ে যায়। এরপর বোটে থাকা লোকজন তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধারের চেষ্টা ও নদীতে খোঁজাখুঁজি করলেও কোনো সন্ধান পাওয়া যায়নি।

খবর পেয়ে বিকেল ৪টার দিকে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। নদীতে নৌযান ও বিভিন্ন সরঞ্জাম ব্যবহার করে নিখোঁজ শিশুটির সন্ধানে অভিযান চালানো হচ্ছে।

তাহিরপুর থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বলেন, দুপুর আড়াইটার দিকে শিশুটি নিখোঁজ হওয়ার খবর পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে সুনামগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে উদ্ধার অভিযান শুরু করেন। শিশুটিকে উদ্ধারে অভিযান চলমান রয়েছে।