জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সমাজকর্ম বিভাগে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে এক বছর মেয়াদি স্পেশালাইজড মাস্টার্স প্রোগ্রাম (প্রফেশনাল)-এর ১১তম ব্যাচে ভর্তির আবেদন গ্রহণের সময় বাড়ানো হয়েছে।

আগামী ২৭ আগস্ট (বৃহস্পতিবার) পর্যন্ত আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন।

সমাজকর্ম বিভাগ সূত্রে জানা গেছে, এবারের প্রোগ্রামে তিনটি স্পেশালাইজেশনে শিক্ষার্থী ভর্তি করা হবে। এগুলো হলো ‘MSS in Criminology and Correctional Services’, ‘MSS in Human Rights and Social Justice’ এবং ‘MSS in Industrial Relations and Labour Welfare’।

‘Criminology and Correctional Services’ স্পেশালাইজেশনে অপরাধ ও ফৌজদারি বিচার, ভুক্তভোগী ও ভুক্তভোগী সেবা, সংশোধনমূলক সেবা এবং পুনরুদ্ধারমূলক বিচারব্যবস্থা বিষয়ে গুরুত্ব দেওয়া হবে। ‘Human Rights and Social Justice’ স্পেশালাইজেশনে মানবাধিকারবিষয়ক নীতি ও মানদণ্ড, বৈশ্বিক সামাজিক ন্যায়বিচার, মানবাধিকার লঙ্ঘন ও প্রতিকার এবং আইনগত কাঠামো ও অধিকারভিত্তিক পদ্ধতি পড়ানো হবে।

অন্যদিকে ‘Industrial Relations and Labour Welfare’ স্পেশালাইজেশনে শ্রমমান, কর্মক্ষেত্রে নিরাপত্তা ও স্বাস্থ্য, সামাজিক কমপ্লায়েন্স এবং শোভন কর্মসংস্থান বা Decent Work বিষয়ে পাঠদান করা হবে।

ভর্তির জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজসহ সরকারি বা বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক বা সমমানের ডিগ্রি অথবা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। প্রার্থীর ন্যূনতম যোগ্যতা দ্বিতীয় শ্রেণি বা CGPA ২.২৫।

তবে তিন বছর মেয়াদি ডিগ্রি পাসধারীরা সরাসরি আবেদন করতে পারবেন না। তিন বছরের ডিগ্রি পাসের সঙ্গে মাস্টার্স ডিগ্রি থাকলে আবেদন করার সুযোগ রয়েছে। উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে চার বছর মেয়াদি অনার্স সম্পন্নকারীরাও আবেদন করতে পারবেন। অনার্সের পর শিক্ষাজীবনে ইয়ার গ্যাপ থাকলেও আবেদনে কোনো বাধা নেই। এ প্রোগ্রামে বয়সের কোনো সীমাবদ্ধতা রাখা হয়নি।

আবেদনকারীরা সমাজকর্ম বিভাগের অফিস থেকে আবেদনপত্র সংগ্রহ করে ১ হাজার ৫০০ টাকা আবেদন ফি জমা দিয়ে পূরণকৃত আবেদনপত্র অফিসে জমা দিতে পারবেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে আবেদনপত্র ডাউনলোড করে বিকাশের মাধ্যমে ১ হাজার ৫২০ টাকা পাঠিয়ে ট্রানজেকশন নম্বরসহ পূরণকৃত আবেদনপত্র, সব সনদ ও নম্বরপত্রের অনুলিপি কুরিয়ার বা ডাকযোগে অথবা স্ক্যান করে ই-মেইলের মাধ্যমে পাঠানো যাবে।

ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ২৮ আগস্ট সকাল ১১টায়। ৫০ নম্বরের এ পরীক্ষা হবে এমসিকিউ পদ্ধতিতে। এর মধ্যে বাংলায় ১৫, ইংরেজিতে ১৫ এবং সাধারণ জ্ঞানে ২০ নম্বর থাকবে। একই দিন সন্ধ্যা সাড়ে ৭টায় ফলাফল প্রকাশ করা হবে।

নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম চলবে ৩০ আগস্ট থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। ক্লাস শুরু হবে ২৫ সেপ্টেম্বর থেকে। এক বছর মেয়াদি এ কোর্সটি দুই সেমিস্টারে সম্পন্ন হবে। সপ্তাহে শুক্রবার ও শনিবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সকাল সাড়ে ৮টা থেকে ক্লাস অনুষ্ঠিত হবে। বিশেষ পরিস্থিতিতে অনলাইনে ক্লাস নেওয়ার সুযোগ থাকলেও নিয়মিত পাঠদান অফলাইনে হবে।

প্রোগ্রামটির মোট খরচ ৮৫ হাজার টাকা। এর মধ্যে প্রথম সেমিস্টারে ভর্তির সময় আনুমানিক ৪৫ হাজার এবং দ্বিতীয় সেমিস্টারে ৪০ হাজার টাকা দিতে হবে। কোনো কারণে নির্ধারিত এক বছরে কোর্স সম্পন্ন করতে ব্যর্থ হলে সর্বোচ্চ তিন বছরের মধ্যে কোর্স শেষ করার সুযোগ থাকবে।

বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, পাঠদান ও পরীক্ষায় বাংলা ও ইংরেজি উভয় ভাষা ব্যবহারের সুযোগ থাকবে। শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট, গবেষণা কার্যক্রম ও রিপোর্ট লেখার প্রশিক্ষণের পাশাপাশি প্রতিটি ক্লাসের লেকচার কনটেন্ট অনলাইনে শেয়ার করা হবে। আধুনিক ডিজিটাল ক্লাসরুম, পরিবহন সুবিধা, বিশুদ্ধ পানি এবং অন্যান্য কেন্দ্রীয় সুযোগ-সুবিধাও পাবেন শিক্ষার্থীরা।

সমাজকর্ম বিভাগের দাবি, এ প্রোগ্রামে এশিয়া, ইউরোপ ও উত্তর আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রিধারী অভিজ্ঞ শিক্ষকরা পাঠদান করছেন। পাশাপাশি সেমিনার, ইফতার মাহফিল, পিকনিকসহ বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমের সুযোগ রয়েছে।

আবেদন ও ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য সমাজকর্ম বিভাগ, সামাজিক বিজ্ঞান ভবন-২-এর দ্বিতীয় তলা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা-১১০০-এ যোগাযোগ করা যাবে। এছাড়াও বিভাগীয় ফোন নম্বর ০২২২৬৬৩৯৮৫৩ এবং প্রোগ্রাম কো-অর্ডিনেটর অধ্যাপক মোস্তাফিজ আহমেদের সঙ্গে ০১৭১২৭৬৮২৮৩ নম্বরে এবং সংশ্লিষ্ট শিক্ষক ও কর্মকর্তাদের নির্ধারিত নম্বরেও যোগাযোগ করা যাবে।

উল্লৈখ্য, ভর্তি পরীক্ষা ২৮ আগস্ট সকাল ১১টায় অনুষ্ঠিত হবে এবং ক্লাস শুরু ২৫ সেপ্টেম্বর থেকে।