পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় নওগাঁয় আর্থিক সাইবার অপরাধের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করে নাহিদ (২৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

২১ আগস্ট ২০২৬ তারিখে নওগাঁ সদর থানা এলাকায় জেলা গোয়েন্দা শাখার একটি দল এ বিশেষ অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযানিক দল জানতে পারে, নাহিদ তার বাড়িতে মোবাইলের মাধ্যমে সাইবার স্পেস ব্যবহার করে জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে বিকাশ ও নগদের মাধ্যমে অবৈধভাবে ডলার ই-ট্রানজেকশন করে আসছেন।

সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের দল নওগাঁ সদর উপজেলার বক্তারপুর এলাকার নাহিদের বাড়িতে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে নাহিদ পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়।

পরে তার ব্যবহৃত মোবাইল ফোন বিশ্লেষণ করে পুলিশ। এ সময় www.textverified.com ও wePhone অ্যাপ ব্যবহার করে ভুয়া মোবাইল নম্বরের মাধ্যমে ভুয়া জিমেইল আইডি তৈরি এবং অবৈধ উপায়ে নিজ বিকাশ অ্যাকাউন্টে ডলার ই-ট্রানজেকশনের তথ্য পাওয়ার কথা জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তার নাহিদ বক্তারপুর এলাকার গোলাম হোসেনের ছেলে এবং মোছা. নাজমা বেগমের সন্তান।

এ ঘটনায় নাহিদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইন, ২০২৬ অনুযায়ী নওগাঁ সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। বিষয়টি নিয়ে আইনগত কার্যক্রম চলমান রয়েছে।