রাজধানীর মিন্টো রোডের মন্ত্রিপাড়ার সরকারি বাসা ছেড়ে বঙ্গভবনে উঠেছেন দেশের নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (২৩ আগস্ট) বেলা ১১টার দিকে রাষ্ট্রপতি বঙ্গভবনে পৌঁছালে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। এর মধ্য দিয়ে বঙ্গভবন থেকেই রাষ্ট্রপতির দাপ্তরিক কার্যক্রম পরিচালনা ও বসবাস শুরু করলেন তিনি।

দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে অধিষ্ঠিত হওয়ার পর রাষ্ট্রীয় প্রটোকল অনুযায়ী রাষ্ট্রপতির সরকারি বাসভবন বঙ্গভবনে ওঠার নিয়ম রয়েছে।

এর আগে শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এর আগে দীর্ঘ ৩৫ বছর পর ২০ আগস্ট জাতীয় সংসদে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রেসিডেন্ট প্রার্থী ও লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ পান ৮৮ ভোট।