নবীপ্রেম, দরুদ-সালাম ও আধ্যাত্মিক আবহে দক্ষিণ চট্টগ্রামের পটিয়ায় মহাসমারোহে অনুষ্ঠিত হয়েছে জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী (সা.)। ৯ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি, ২৩ আগস্ট ২০২৬, রোববার হযরত আবুল খায়ের সুলতানপুরী (রা.) এসোসিয়েশন বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের উদ্যোগে এ আয়োজন করা হয়।
বিকেলে সাতগাছিয়া দরবার শরীফের সাজ্জাদানশীন ও ইমামে তরিকত হযরত শাহ্ সূফি সৈয়দ আবুল মাকছুম মোহাম্মদ মোতাছিম বিল্লাহ সুলতানপুরী (মা.জি.আ.) সাহেব কেবলার উপস্থিতিতে পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠ থেকে জশনে জুলুসের সূচনা হয়। আসরের নামাজের পর জুলুসটি পটিয়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সাতগাছিয়া দরবার শরীফে গিয়ে শেষ হয়।
জুলুসে হাজারো আশেকে রাসুল দরুদ-সালাম, নাতে রাসুল ও জিকির-আজকারে অংশ নেন। পরে বাদে মাগরিব দরবার শরীফ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বিশেষ মাহফিল।
মাহফিলে প্রধান তকরির ও বিশেষ দোয়া পরিচালনা করেন হযরত শাহ্ সূফি সৈয়দ আবুল মাকছুম মোহাম্মদ মোতাছিম বিল্লাহ সুলতানপুরী (মা.জি.আ.) সাহেব কেবলা। এতে পীর-মাশায়েখ, ওলামায়ে কেরাম, ইসলামী চিন্তাবিদ, সাংবাদিক, লেখক-গবেষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করেন।
মাহফিলের শেষ পর্যায়ে দেশ, জাতি, মুসলিম উম্মাহর, ঐক্য ও শান্তি-সমৃদ্ধি এবং বিশ্ব মানবতার কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। পরে উপস্থিত মুসল্লিদের মাঝে উন্মুক্ত তাবরুক বিতরণের মাধ্যমে আয়োজনের সমাপ্তি ঘটে।