সাবেক খাদ্যমন্ত্রী, সাবেক মেজর জেনারেল ও সাবেক সংসদ সদস্য মহব্বত জান চৌধুরী আর নেই। সোমবার (২৪ আগস্ট ২০২৬) দুপুর আনুমানিক ১টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ)-এ চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ১০০ বছর।

মৃত্যুকালে তিনি দুই পুত্র সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। করোনাকালীন সময়ে তাঁর স্ত্রী মৃত্যুবরণ করেন।

মেজর জেনারেল (অব.) মহব্বত জান চৌধুরী গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার মোচনা ইউনিয়নের খাপুরা গ্রামের ঐতিহ্যবাহী চৌধুরী পরিবারের সন্তান। দীর্ঘ কর্মজীবনে তিনি বাংলাদেশ সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ বিভিন্ন দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থা ডিজিএফআইয়ের প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেন বলে জানা গেছে।

রাজনীতিতেও তাঁর সক্রিয় ভূমিকা ছিল। ১৯৮৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে তিনি গোপালগঞ্জ-১ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেন। ওই নির্বাচনে তিনি পরাজিত হন। পরবর্তীতে ফরিদপুর সদর আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন এবং খাদ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

কর্মজীবনে তিনি বাংলাদেশ কৃষি ব্যাংকের চেয়ারম্যান এবং বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান MIDAS-এর গুরুত্বপূর্ণ পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন বলে পারিবারিক ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

মরহুমের মরদেহ ঢাকার বনানী কবরস্থানে দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

তাঁর মৃত্যুতে নিজ এলাকা মুকসুদপুরসহ বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।