নিরাপদ অভিবাসন নিশ্চিত করা এবং অবৈধ পথে বিদেশ গমন প্রতিরোধে সুনামগঞ্জে সচেতনতামূলক ও দক্ষতা উন্নয়ন কার্যক্রম জোরদারের ঘোষণা দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেছেন, জেলার পাঁচটি সংসদীয় আসনের প্রতিটিতে প্রবাসী ও বিদেশগমনেচ্ছুদের জন্য একটি করে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হবে।
মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেল ৫টায় সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের হলরুমে ‘নিরাপদ অভিবাসন ও অবৈধ পথে বিদেশ গমন প্রতিরোধ’ বিষয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।
জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. মোখতার হোসেন, সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন মিলন, সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল, সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদ, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল, জেলা পরিষদ প্রশাসক মো. মিজানুর রহমান চৌধুরী, সিলেট বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান, যুগ্ম সচিব মো. শহিদুল ইসলাম চৌধুরী, সিলেট রেঞ্জের ডিআইজি মো. জিললুর রহমান ও সুনামগঞ্জের পুলিশ সুপার এবিএম জাকির হোসেনসহ প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সভায় মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, “সুনামগঞ্জ জেলার পাঁচটি সংসদীয় আসনের প্রতিটিতে প্রবাসী ও প্রবাসে যেতে আগ্রহী প্রত্যাশীদের জন্য একটি করে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হবে। সেখানে আরবি, চীনা, জাপানিসহ বিভিন্ন ভাষায় উন্নত প্রশিক্ষণ দেওয়া হবে। পাশাপাশি বিদেশে কর্মসংস্থানের উপযোগী দক্ষতা অর্জনের সুযোগ তৈরি করা হবে। দক্ষ হয়ে বৈধ পথে বিদেশ যাওয়ার সুযোগ বাড়লে অবৈধ পথে যাওয়ার প্রবণতা অনেকটাই কমে আসবে।”
সম্প্রতি অবৈধ পথে বিদেশ যাওয়ার সময় সুনামগঞ্জের নয়জনের মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলার বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, “তাদের দায়ের করা মামলাগুলোর দায়িত্ব আজ থেকে আমরা গ্রহণ করছি। দ্রুত সময়ের মধ্যে এসব ঘটনায় জড়িত দালালদের আইনের আওতায় আনা হবে। তারা বিশ্বের যে দেশেই অবস্থান করুক না কেন, সংশ্লিষ্ট দেশের সরকারের সহযোগিতা নিয়ে তাদের খুঁজে বের করে দেশে এনে বিচারের মুখোমুখি করা হবে।”
তিনি আরও বলেন, অবৈধ পথে বিদেশে গিয়ে মৃত্যুবরণ করা পরিবারগুলোর পাশে সরকার থাকবে। নিহতদের পরিবারের একজন সদস্যকে বিনা খরচে মালয়েশিয়ায় কর্মসংস্থানের সুযোগ দেওয়ার আশ্বাসও দেন তিনি।
মন্ত্রী বলেন, “সুনামগঞ্জকে আমরা বিশেষ গুরুত্ব দিয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের কার্যক্রম পরিচালনা করব। কারণ দেশের অন্যান্য এলাকার তুলনায় সুনামগঞ্জ থেকে বিপুলসংখ্যক মানুষ বিদেশে কর্মরত। একই সঙ্গে অবৈধ পথে বিদেশ যাওয়ার প্রবণতা এবং এ পথে গিয়ে প্রাণহানির ঘটনাও এখানে উল্লেখযোগ্য।”
মতবিনিময় সভায় নিরাপদ ও বৈধ অভিবাসনের গুরুত্ব তুলে ধরে বিদেশগমনেচ্ছুদের দালালচক্রের প্রলোভনে না পড়ার আহ্বান জানানো হয়। একই সঙ্গে বিদেশ যাওয়ার আগে সরকারি অনুমোদিত প্রক্রিয়া অনুসরণ, প্রয়োজনীয় প্রশিক্ষণ গ্রহণ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে তথ্য যাচাইয়ের ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তারা অবৈধ অভিবাসন বন্ধে সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি বিদেশগমনেচ্ছুদের সচেতনতা বৃদ্ধি, দক্ষতা উন্নয়ন এবং দালালচক্রের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়।