সন্দ্বীপের উন্নয়ন ভাবনা, সম্ভাবনা ও বিভিন্ন সমস্যা নিয়ে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান ও সন্দ্বীপের কৃতী সন্তান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনের সঙ্গে কর্মরত সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) দুপুর ১২টায় সন্দ্বীপ উপজেলা পরিষদ হলরুমে সন্দ্বীপ প্রেস ক্লাবের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সন্দ্বীপে কর্মরত প্রিন্ট, অনলাইন, ইলেকট্রনিক ও মোজো সাংবাদিকরা অংশ নেন।
সন্দ্বীপ প্রেস ক্লাবের সভাপতি মোজাম্মেল হোসেনের সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন সংগঠনের সহসভাপতি এম এ হাশেম। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন।
সভায় বক্তব্য দেন জাতীয় সাংবাদিক সংস্থা সন্দ্বীপ শাখার সাধারণ সম্পাদক মোবারক হোসেন, যুগ্ম সম্পাদক মাহমুদুর রহমানসহ সন্দ্বীপ প্রেস ক্লাবের বিভিন্ন পর্যায়ের সাংবাদিক এবং বিভিন্ন অনলাইন ও মোজো সাংবাদিকরা।
প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন বলেন, “সন্দ্বীপের উন্নয়নে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম। আপনাদের লেখনির মাধ্যমে দেশ ও জাতি উপকৃত হয়। জনগণও বস্তুনিষ্ঠ ও জনকল্যাণমূলক সংবাদ প্রত্যাশা করে।”
তিনি বলেন, সন্দ্বীপের উন্নয়নের সম্ভাবনাকে কাজে লাগাতে গণমাধ্যমের ইতিবাচক ভূমিকা প্রয়োজন। এলাকার সমস্যা, সম্ভাবনা ও মানুষের প্রত্যাশার কথা সাংবাদিকদের লেখনির মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরার আহ্বান জানান তিনি।
সন্দ্বীপ-চট্টগ্রাম নৌরুটে যাত্রীদের দীর্ঘদিনের ভোগান্তির বিষয়টি উল্লেখ করে সিডিএ চেয়ারম্যান বলেন, নৌরুটের সমস্যা নিরসনে বিআইডব্লিউটিএর সংশ্লিষ্টদের অবহিত করে আলোচনার মাধ্যমে সমাধানের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি সন্দ্বীপবাসীর নৌযাতায়াতের সুবিধার্থে দ্রুত একটি সি-ট্রাক দেওয়ার বিষয়ে নৌ মন্ত্রণালয়কে অবহিত করা হবে।
মতবিনিময় সভায় সাংবাদিকরা সন্দ্বীপের যোগাযোগব্যবস্থা, নৌরুটের সংকট, অবকাঠামোগত উন্নয়ন, উপকূলীয় সমস্যা ও জনদুর্ভোগসহ বিভিন্ন বিষয় তুলে ধরেন। এ সময় সন্দ্বীপের সার্বিক উন্নয়নে সাংবাদিক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মধ্যে সমন্বয় আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।