চট্টগ্রামের জোরারগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে ১১টি বিভিন্ন মডেলের চোরাই স্মার্টফোনসহ আন্তঃজেলা মোবাইল চোরাচালান ও ক্রয়-বিক্রয়কারী সিন্ডিকেটের ৩ সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
আজ বুধবার (২৬ আগস্ট) বিকেল আনুমানিক ৫টা ২০ মিনিটে জোরারগঞ্জ থানাধীন বারইয়ারহাট পৌরসভাস্থ কমফোর্ট হাসপাতালের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— চট্টগ্রামের জোরারগঞ্জ থানার সামনেরখীল এলাকার মৃত নুরুর সোবাহানের ছেলে মোঃ জসিম উদ্দিন (৪৫), সিলেটের গোলাপগঞ্জ থানার বাদে বাসা এলাকার হাবিবুর রহমানের ছেলে মোঃ জাকির হোসেন (২৮) এবং কিশোরগঞ্জের মিঠামইন থানার চারগ্রাম এলাকার সোলেমান মিয়ার ছেলে মোঃ সুজাত মিয়া।
পুলিশ জানায়, বিকেলে গোপন সংবাদ আসে যে চট্টগ্রাম থেকে “এডিএম” পরিবহনের একটি যাত্রীবাহী বাসে করে ৩ জন লোক চোরাই মোবাইল ফোনের একটি বড় চালান নিয়ে ফেনীর দিকে যাচ্ছেন। এই তথ্যের ভিত্তিতে চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের নির্দেশনায় জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোহাম্মদ আব্দুল হালিম-এর নেতৃত্বে কমফোর্ট হাসপাতালের সামনে দ্রুত অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে তল্লাশি শুরু হয়।
তল্লাশিকালে সন্দেহভাজন ওই ৩ যাত্রীর কাছ থেকে বিভিন্ন ব্র্যান্ডের ১১টি চোরাই স্মার্টফোন উদ্ধার করা হয়। পুলিশ জানায়, তারা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মোবাইল চুরি এবং অবৈধ ক্রয়-বিক্রয় চক্রের সাথে জড়িত।
জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হালিম যানান, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের ধরতেও পুলিশের অভিযান অব্যাহত থাকবে।