জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে তিন দিনব্যাপী নানা কর্মসূচি শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কবির ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে কর্মসূচির প্রথম দিন শুরু হয়।
এদিন বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে নজরুল ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ করে কবির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। বিশ্ববিদ্যালয়ের জরুরি কাজে ক্যাম্পাসের বাইরে অবস্থান করায় অনলাইনে যুক্ত হয়ে শ্রদ্ধা নিবেদন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন। এ সময় তিনি কবির বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। পরে কবির আত্মার মাগফিরাত কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়।
শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা, আইন অনুষদের ডিন মুহাম্মদ ইরফান আজিজ, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) খন্দকার নাজমুল হাসান, নজরুল মৃত্যুবার্ষিকী উদ্যাপন কমিটি-২০২৬-এর আহ্বায়ক ও বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো. হাবিব-উল-মাওলা (মাওলা প্রিন্স), শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. মো. শফিকুল ইসলাম, ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ তরিকুল ইসলাম জনি, গ্রন্থাগারিক (ভারপ্রাপ্ত) ড. মোহা. আজিজুর রহমান, ইনস্টিটিউট অব নজরুল স্টাডিজের অতিরিক্ত পরিচালক রাশেদুল আনাম, কর্মচারী সমিতির সভাপতি মো. নজরুল ইসলাম, কর্মচারী ইউনিয়নের সভাপতি হারুনুর রশিদ, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক মো. হাবিবুর রহমান ও সদস্য-সচিব মামুন সরকারসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. আশরাফুল আলম।
এর আগে সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে পবিত্র কোরআন খতম অনুষ্ঠিত হয়। পরে বাদ জোহর কবির বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। দোয়া পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মুফতি মো. আব্দুল হাকীম।
নজরুলের ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আগামী ৩০ আগস্ট বাংলা ভাষা ও সাহিত্য বিভাগে কবিতা আবৃত্তি ও হামদ-নাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এছাড়া ৩১ আগস্ট বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনের তৃতীয় তলার কনফারেন্স কক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
তিন দিনব্যাপী এসব কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্য, সংগীত ও অসাম্প্রদায়িক মানবতাবাদী দর্শনের প্রতি শ্রদ্ধা নিবেদন করছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় পরিবার।