জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ-৩১-এ অংশ নিতে আগামী নভেম্বরে তুরস্ক সফরে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত ২৩তম ওআইসি কাউন্সিল অব ফরেন মিনিস্টার্সের (সিএফএম) বৈঠকের সাইডলাইনে তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রী মুসা কুলাকলিকায়ারের সঙ্গে বৈঠকে এ তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।
বৈঠকে বাংলাদেশ ও তুরস্কের প্রতিনিধিরা আঞ্চলিক বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন। পাশাপাশি পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন তারা।
দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয়ে উভয় পক্ষ বিদ্যমান সহযোগিতায় সন্তোষ প্রকাশ করে। একই সঙ্গে বাণিজ্য, বিনিয়োগ, কূটনীতি ও অন্যান্য গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সহযোগিতা আরও বাড়ানোর বিষয়ে অভিন্ন আগ্রহের কথা তুলে ধরা হয়।
বাংলাদেশ ও তুরস্কের সম্পর্ককে আরও উচ্চতর পর্যায়ে নেওয়ার ওপরও বৈঠকে গুরুত্ব দেওয়া হয়।
এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রীকে জানান, কপ-৩১ সম্মেলনে অংশ নিতে আগামী নভেম্বরে প্রধানমন্ত্রী তারেক রহমান তুরস্ক সফর করবেন।