পঞ্চগড়ের দেবীগঞ্জ বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত চারটি দোকান পরিদর্শন করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ও পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদ।

আজ রোববার সকাল ৭টার দিকে দেবীগঞ্জ বাজারের দুধহাঁটি বাজার জামে মসজিদসংলগ্ন এলাকায় ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্ত দোকানগুলো পরিদর্শন করেন তিনি।

প্রতিমন্ত্রী ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে এবং প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে স্থানীয় দলীয় নেতাকর্মী ও প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করার নির্দেশ দিয়েছেন।
এবং প্রতিমন্ত্রী নিজেও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও তাঁদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং সহযোগিতার আশ্বাস দেন।

গতকাল শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ওই এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
বাজারের গুরুত্বপূর্ণ এই অংশে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। দেবীগঞ্জ ফায়ার সার্ভিসের টিম এবং স্থানীয় বাসিন্দাদের সহায়তায় পরবর্তীতে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

আগুনে সাবাব ট্রেডার্স, প্রভা সেলুন, ভাই ভাই কোকারিজ ও মাছুম সাউন্ড সিস্টেম ক্ষতিগ্রস্ত হয়।
স্থানীয়রা জানান, প্রভা সেলুনের মালিক নীরেন শর্মা আগুনে দোকানের কোনো মালামালই রক্ষা করতে পারেননি। সাবাব ট্রেডার্সের মালিক পলাশ এবং ভাই ভাই কোকারিজের মালিক মোশারফ হোসেনও ক্ষতিগ্রস্ত হয়েছেন।

তবে আগুনে মোট কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।