বগুড়া মহানগরের সাতমাথা এলাকায় ড্রেন থেকে ৩৪০ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৩০ আগস্ট) দুপুরে কাদা-পানির মধ্যে গুলিগুলো দেখতে পেয়ে শ্রমিকেরা পুলিশকে খবর দেয়।
জানা গেছে, রবিবার বেলা ১২টার দিকে বগুড়া সিটি করপোরেশনের উদ্যোগে সাতমাথা এলাকায় ড্রেন সংস্কারের কাজ চলছিল। এ সময় শ্রমিকেরা কাদা-পানির মধ্যে গুলি দেখতে পান।
পরে বিষয়টি জানানো হলে ঘটনাস্থলে গিয়ে বগুড়া সদর থানা পুলিশ গুলিগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায়।
বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইব্রাহীম আলী জানান, উদ্ধার হওয়া ৩৪০ রাউন্ড গুলির মধ্যে চায়নিজ রাইফেল, থ্রি-নট-থ্রি রাইফেল ও এসএমজির গুলি রয়েছে।
তিনি বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট বিকালে বগুড়া সদর থানায় হামলা ও লুটপাটের ঘটনা ঘটে। ওই সময় সদর থানার অস্ত্রাগার থেকে প্রায় ৮ হাজার রাউন্ড গুলি লুট করা হয়েছিল।
ড্রেন থেকে উদ্ধার হওয়া গুলিগুলো ওই সময় লুট হওয়া গুলির অংশ হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
তিনি বলেন, লুটের পর কেউ গুলিগুলো ড্রেনের মধ্যে ফেলে রেখে যেতে পারেন। তবে সেগুলো আসলেই সদর থানার অস্ত্রাগার থেকে লুট হওয়া গুলির অংশ কি না, তা পরীক্ষা-নিরীক্ষা ও তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।