ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, শিক্ষাব্যবস্থাকে আরও আধুনিক ও যুগোপযোগী করা এবং শিক্ষার্থীদের জন্য নতুন ও কার্যকর শিক্ষার পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে বিদ্যালয় কর্তৃপক্ষের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব জয়নুল আবদিন ফারুক, মাননীয় সংসদ সদস্য, নোয়াখালী-২ (সেনবাগ সোনাইমুড়ী আংশিক আসন)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টপস্টার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক লায়ন সৈয়দ হারুন এমজেএফ। অনুষ্ঠানে সভাপতিত্ব ও স্বাগত বক্তব্য প্রদান করেন প্রতিষ্ঠানের সভাপতি জনাব আবদুল মোতালেব দুলাল।
সভায় বিদ্যালয়ের বর্তমান শিক্ষাব্যবস্থা, শিক্ষার্থীদের ফলাফল ও দক্ষতা উন্নয়ন, শিক্ষকদের সক্ষমতা বৃদ্ধি এবং আধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থা চালুর বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বক্তারা বলেন, বর্তমান সময়ে শুধু প্রচলিত পদ্ধতিতে পাঠদান যথেষ্ট নয়; শিক্ষার্থীদের ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবিলার উপযোগী করে গড়ে তুলতে শিক্ষাব্যবস্থায় সময়োপযোগী পরিবর্তন আনা প্রয়োজন। এ জন্য পাঠদানের পাশাপাশি শিক্ষার্থীদের সৃজনশীলতা, প্রযুক্তিগত দক্ষতা, নৈতিক মূল্যবোধ, নেতৃত্বগুণ ও বাস্তবমুখী জ্ঞান অর্জনের সুযোগ সৃষ্টি করতে হবে।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।