পশ্চিমবঙ্গের অন্যান্য স্থলবন্দরের সঙ্গে বাণিজ্যিক প্রতিযোগিতায় পিছিয়ে থাকার অভিযোগ এবং ট্রাকপ্রতি পণ্য পরিবহনের ওজন কমিয়ে দেওয়ার প্রতিবাদে রোববার (৩০ আগস্ট) থেকে হিলি স্থলবন্দর দিয়ে সব ধরনের পণ্য আমদানি-রফতানি বন্ধের ঘোষণা দিয়েছেন ভারতের হিলি বন্দরের ব্যবসায়ীরা।
ভারতের পশ্চিমবঙ্গ সরকার নতুন সিদ্ধান্ত অনুযায়ী ট্রাকপ্রতি পণ্য পরিবহনের ওজন কমিয়ে দিয়েছে। এতে—
🔹 ৬ চাকার ট্রাকে ৩০ টনের পরিবর্তে সর্বোচ্চ ২০ টন
🔹 ১০ চাকার ট্রাকে ৪০–৪৫ টনের পরিবর্তে সর্বোচ্চ ৩০ টন
পণ্য পরিবহনের সীমা নির্ধারণ করা হয়েছে।
ব্যবসায়ীদের দাবি, ট্রাকপ্রতি পণ্যের পরিমাণ কমে গেলে পরিবহন খরচ উল্লেখযোগ্যভাবে বেড়ে যাবে। ফলে আমদানি-রফতানি বাণিজ্যে বাড়তি ব্যয়ের চাপ তৈরি হবে।
হিলি স্থলবন্দর আমদানি-রফতানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক মো. নাজমুল হোসেন জানান, ভারতীয় ব্যবসায়ীরা রোববার থেকে বাণিজ্য বন্ধের ঘোষণা দিয়েছেন।
হিলি বন্দরের শুল্ক কর্মকর্তা পারভেজ আহমেদ বলেন, ভারতীয় ব্যবসায়ীদের পক্ষ থেকে এ বিষয়ে একটি চিঠি পাওয়া গেছে। পশ্চিমবঙ্গ সরকারের সিদ্ধান্ত প্রত্যাহার না হওয়া পর্যন্ত হিলি স্থলবন্দর দিয়ে সব ধরনের পণ্য আমদানি-রফতানি বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন তারা।