জাতীয় সংসদে চারটি সংসদীয় স্থায়ী কমিটি পুনর্গঠন করা হয়েছে। এর মধ্যে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমিরকে।

রোববার (৩০ আগস্ট) জাতীয় সংসদ অধিবেশনে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে এসব কমিটি পুনর্গঠন করা হয়। প্রধানমন্ত্রীর পক্ষে চিফ হুইপ মো. নুরুল ইসলাম মনি পুনর্গঠনের প্রস্তাব উত্থাপন করলে সংসদ তা গ্রহণ করে।

পুনর্গঠিত চারটি কমিটি হলো—আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি, বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি এবং পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।

নতুন কমিটিগুলোর সভাপতিরা হলেন—আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমির, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে মো. আবুল কালাম, বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে মো. খালেদ হোসেন মাহবুব এবং পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে জহরত আদিব চৌধুরী।

ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমির আইন পেশায় দীর্ঘদিন ধরে যুক্ত। তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি উচ্চশিক্ষা সম্পন্ন করেছেন দেশ-বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে।

১৯৭০ সালের ৩ ফেব্রুয়ারি ঢাকার ধানমন্ডিতে জন্মগ্রহণ করেন নওশাদ জমির। ধানমন্ডি গভর্নমেন্ট বয়েজ স্কুল থেকে মাধ্যমিক এবং ঢাকা কলেজ থেকে উচ্চমাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

এরপর যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে এলএলএম, যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে ট্যাক্সেশনে এমএসসি এবং লিংকনস ইন থেকে বার অ্যাট ল ডিগ্রি অর্জন করেন।

নওশাদ জমিরের রাজনৈতিক পরিবারে দীর্ঘ ঐতিহ্য রয়েছে। তার বাবা ব্যারিস্টার মুহাম্মদ জমিরউদ্দীন সরকার সরকারের সাবেক তিনবারের মন্ত্রী ছিলেন। তিনি জাতীয় সংসদের স্পিকার ও ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বও পালন করেছেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমির। এবার জাতীয় সংসদের গুরুত্বপূর্ণ আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব পেলেন তিনি।