রোজা রাখলে কি সত্যিই ওজন কমে?
অনেকে ভাবেন রোজা রাখলে শরীরের অতিরিক্ত চর্বি এমনিতেই ঝরে যায়। আসলে এটি ঠিক নয়। সারাদিন না খেয়ে থাকলেও সবার ওজন কমে না। দিন শেষে শরীর কত ক্যালোরি গ্রহণ করছে এবং কত ক্যালোরি খরচ হচ্ছে এটি গুরুত্বপূর্ণ।
ধরা যাক, কারো ওজন কমাতে দৈনিক প্রয়োজন ১৪০০ ক্যালোরি। তিনি যদি সারাদিন রোজা রেখে ইফতার থেকে সেহেরি পর্যন্ত এই নির্ধারিত ক্যালোরির মধ্যেই খাবার গ্রহণ করেন এবং ইফতারের পর বা ডিনারের আগে ৩০–৪০ মিনিট ব্যায়াম করেন, তাহলে ওজন কমবে। রোজা তখন ফিটনেস অর্জনে সহায়ক হবে।
কিন্তু বিপরীত চিত্রও কম নয়। সারাদিন রোজা রাখলেও যদি ইফতার ও সেহেরিতে পেঁয়াজু, বেগুনি, জিলাপি ও অন্যান্য উচ্চ ক্যালোরিযুক্ত খাবার বেশি খাওয়া হয় তাহলে ওজন আগের চেয়ে বেড়ে যায়। অর্থাৎ দৈনিক ২৫০০ ক্যালোরির বেশি খেলে এবং কোনো শারীরিক পরিশ্রম না করলে, ওজন কমার সম্ভাবনা থাকে না।
কারণ ফাস্টিং মানেই ক্যালোরির ঘাটতি নয়। ১৪ ঘণ্টা না খেয়ে থাকার পর যদি পরবর্তী ৮–১০ ঘণ্টায় প্রয়োজনের চেয়ে বেশি ক্যালোরি গ্রহণ করা হয়, তাহলে তথাকথিত “অটোমেটিক” ওজন কমার ধারণা কাজ করবে না। তবে রোজার উপকারিতা আছে। এটি হরমোনের ভারসাম্য উন্নত করে, ইনসুলিন সেনসিটিভিটি বাড়ায় এবং পরিপাকতন্ত্রকে কিছুটা বিশ্রাম দেয়।
লেখক: ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান, বাংলাদেশ ডায়াবেটিক নেটওয়ার্ক























