কৃত্রিম সংকট ঠেকাতে দীঘিনালায় তেলের দোকানে প্রশাসনের অভিযান
মোঃ লোকমান হোসেন, দীঘিনালা,খাগড়াছড়ি
বিশ্ব পরিস্থিতিকে কেন্দ্র করে যাতে বাজারে জ্বালানি তেলের কৃত্রিম সংকট সৃষ্টি না হয়, সে লক্ষ্যে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় বাজার তদারকি জোরদার করেছে উপজেলা প্রশাসন। এ অংশ হিসেবে তেল বিক্রয়কেন্দ্রগুলোতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ তানজিল পারভেজের নেতৃত্বে উপজেলার বিভিন্ন জ্বালানি তেল বিক্রয়কেন্দ্রে অভিযান চালানো হয়। এ সময় দোকানগুলোর মজুত পরিস্থিতি, বিক্রয় কার্যক্রম এবং মূল্য তালিকা পর্যবেক্ষণ করা হয়।
অভিযানকালে তেল ব্যবসায়ীদের সতর্ক করে দেওয়া হয়—কেউ যেন অযৌক্তিকভাবে তেল মজুত করে বাজারে সংকট তৈরি না করেন কিংবা নির্ধারিত দামের বাইরে বিক্রি না করেন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, কোনো ধরনের অনিয়মের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তানজিল পারভেজ বলেন, বাজারে তেলের কোনো ঘাটতি নেই। তবে অসাধু কিছু ব্যবসায়ী সুযোগ নিয়ে কৃত্রিম সংকট তৈরি করতে পারে—এমন আশঙ্কা থেকেই আমরা নিয়মিত তদারকি করছি। কেউ যদি মজুতদারি বা অতিরিক্ত দামে বিক্রির চেষ্টা করে, তাহলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও জানান, সাধারণ ভোক্তার স্বার্থ রক্ষায় উপজেলা প্রশাসনের এ ধরনের বাজার তদারকি কার্যক্রম নিয়মিত অব্যাহত থাকবে। স্থানীয় বাসিন্দারাও প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।






















