গভীর রাতে আগুনে বিধ্বস্ত শান্তিপুর বাজার, পুড়ল ৯টি দোকান
মোঃ লোকমান হোসেন, দীঘিনালা খাগড়াছড়ি
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার পাবলাখালী ইউনিয়নের শান্তিপুর বাজারে গভীর রাতে আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। শনিবার (১১ এপ্রিল) রাত আনুমানিক ১২টা ১৫ মিনিটে শুরু হওয়া এ অগ্নিকাণ্ডে ৯টি দোকান সম্পূর্ণ পুড়ে যায়।
স্থানীয়দের মতে, একটি মুদির দোকানে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। শুরুতে ছোট পরিসরে থাকলেও দ্রুত তা আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। রাতের সময় হওয়ায় আগুন নেভাতে প্রাথমিকভাবে স্থানীয়দের হিমশিম খেতে হয়।
পরবর্তীতে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তাদের সঙ্গে বিজিবি (৭ বিজিবি) ও সেনাবাহিনীর সদস্যরাও যুক্ত হন। সম্মিলিত প্রচেষ্টায় প্রায় আধা ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা পংকজ বড়ুয়া জানান, প্রাথমিকভাবে বৈদ্যুতিক ত্রুটিকে আগুনের কারণ হিসেবে ধরা হচ্ছে। এ ঘটনায় আনুমানিক ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।




















