কোটালীপাড়ায় তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষনচেষ্টার অভিযোগে ভ্যানচালক গ্রেফতার
তৃতীয় শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রীকে ফুঁসলিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে এক ভ্যানচালকের বিরুদ্ধে। ঘটনার সময় স্থানীয় জনতা অভিযুক্তকে হাতেনাতে ধরে পুলিশে সোপর্দ করেছে।
শুক্রবার বিকেলে উপজেলার কুশলা ইউনিয়নের জাঠিয়া গ্রামে এই ঘটনা ঘটে। গ্রেফতারকৃত ভ্যানচালকের নাম রেয়াজুল শেখ (৪৩)। সে উপজেলার পূর্ণবর্তী গ্রামের আনারুদ্দিন শেখের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বিকেলে বাড়ির পাশে একটি মন্দিরের সামনে খেলা করছিল ওই শিশুটি। এ সময় ভ্যানচালক রেয়াজুল শেখ তাকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে ফুসলিয়ে মন্দিরের পেছনে একটি নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে সে শিশুটিকে ধর্ষণের চেষ্টা চালালে আশপাশের লোকজন বিষয়টি টের পেয়ে যান। পরে স্থানীয়রা এসে রেয়াজুলকে হাতেনাতে আটক করে পুলিশে খবর দেয়।
ভুক্তভোগী শিশুটির বাবা ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমার ছোট মেয়েটি মন্দিরের সামনে খেলছিল। ওই ভ্যানচালক তাকে ফুসলিয়ে আড়ালে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। উপস্থিত লোকজন দেখে ফেলায় আমার মেয়ে রক্ষা পেয়েছে। আমি এই অপরাধীর কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”
ঘটনার সত্যতা নিশ্চিত করে কোটালীপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) উত্তম কুমার সেন জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত রেয়াজুল শেখকে আটক করে থানায় নিয়ে আসে। এই ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অপরাধীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
























