গোপালগঞ্জে চার শিক্ষা প্রতিষ্ঠানের ৩৫০ শিক্ষার্থী পেল স্কুল ড্রেস
গোপালগঞ্জের সদর উপজেলার হরিদাসপুর ইউনিয়নের চারটি শিক্ষা প্রতিষ্ঠানের ৩৫০ জন শিক্ষার্থীর মাঝে স্কুল ড্রেস বিতরণ করা হয়েছে। শিক্ষানুরাগী মো. টিপু সুলতানের উদ্যোগে শনিবার (৪ জুলাই) দুপুরে হরিদাসপুরে তাঁর নিজ বাড়িতে এ ড্রেস বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হরিদাসপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শাহিনুর ইসলাম বুলা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে স্কুল ড্রেস তুলে দেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে. এম. বাবর।
এ সময় আড়পাড়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয়, হরিদাসপুর সপ্তপল্লী উচ্চ বিদ্যালয়, হরিদাসপুর রয়েল টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ এবং ৩৪ নম্বর পূর্ব আড়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মোট ৩৫০ জন শিক্ষার্থীর মাঝে তাদের নিজ নিজ প্রতিষ্ঠানের নির্ধারিত ইউনিফর্ম অনুযায়ী স্কুল ড্রেস বিতরণ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ডা. কে. এম. বাবর বলেন, দরিদ্র ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো সমাজের সকলের দায়িত্ব। সামান্য সহযোগিতাও তাদের শিক্ষাজীবনে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। তিনি বলেন, আজকের শিক্ষার্থীরাই ভবিষ্যতে দেশের দক্ষ জনশক্তি হিসেবে গড়ে উঠবে। তাই তাদের লেখাপড়ার পাশাপাশি মাদকসহ সব ধরনের সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে পরিবার ও সমাজের সবাইকে সচেতন ভূমিকা পালন করতে হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাবেক সরকারি বঙ্গবন্ধু কলেজের অধ্যক্ষ অধ্যাপক এম. হাই, সদর উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম লেলিনসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
























