জামালপুরে যৌতুকের জন্য স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড দিয়েছে আদালত
জামালপুরের দেওয়ানগঞ্জে যৌতুকের দাবিতে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার দায়ে স্বামী আনোয়ার হোসেনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫ লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে।
৯ জুলাই বৃহস্পতিবার দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ রায় ঘোষণা করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ফজলুল হক জানান, ২০১২ সালের ১১ ডিসেম্বর দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ি এলাকার লম্বাপাড়া গ্রামে আনোয়ার হোসেনের বাড়ি থেকে তার স্ত্রী ইসমতারা বেগমের মরদেহ উদ্ধার করা হয়। তদন্তে উঠে আসে, যৌতুকের দাবিতে দীর্ঘদিন ধরে ইসমতারা বেগমকে নির্যাতন করা হতো এবং একপর্যায়ে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়।
এ ঘটনায় নিহতের ভাই মজনু মিয়া বাদী হয়ে দেওয়ানগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় ৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে ঘটনার ১৩ বছর ৭ মাস পর আদালত এ রায় প্রদান করেন।





















