জর্ডান, বাহরাইন ও কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা
আন্তর্জাতিক ডেস্ক:
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান উত্তেজনার মধ্যে জর্ডান, বাহরাইন ও কুয়েতে অবস্থিত একাধিক মার্কিন সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরান। সোমবার (১৩ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম নুর নিউজ এজেন্সি জানায়, দেশটির সেনাবাহিনী এবং ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) যৌথভাবে অঞ্চলে থাকা মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্য করে ব্যাপক হামলা চালিয়েছে। ইরানের দাবি, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সামরিক অভিযানের জবাব হিসেবে এ হামলা পরিচালনা করা হয়েছে।
আইআরজিসির এক বিবৃতিতে বলা হয়, জর্ডানের প্রিন্স হাসান বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ফলে কয়েকটি জ্বালানি ডিপো ও গোলাবারুদ সংরক্ষণাগারে আগুন ধরে যায়। একই সঙ্গে বাহরাইনের শেখ ইসা বিমানঘাঁটির হেলিকপ্টার রক্ষণাবেক্ষণ কেন্দ্র, একটি পি–৮ বিমান রাখার হ্যাঙ্গার এবং একটি মার্কিন ড্রোনের কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারেও হামলার দাবি করেছে বাহিনীটি।
এছাড়া আইআরজিসি দাবি করেছে, কুয়েতের আলি আল-সালেম বিমানঘাঁটির জ্বালানি ট্যাংক ও প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং আহমেদ আল-জাবের বিমানঘাঁটির একটি কৌশলগত রাডার ব্যবস্থা ধ্বংস করা হয়েছে।
ইরানের ভাষ্য অনুযায়ী, হরমুজ প্রণালিতে দুটি জাহাজকে থামানোর অভিযানের পর যুক্তরাষ্ট্র প্রথমে ইরানের উপকূলীয় সামরিক ঘাঁটিতে হামলা চালায়। এরপর থেকেই উভয় পক্ষ পাল্টাপাল্টি সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে। জাহাজ দুটির বিরুদ্ধে ট্র্যাকিং সিস্টেম বন্ধ রাখা, অবৈধভাবে চলাচল এবং নৌ-নিরাপত্তা বিঘ্নিত করার অভিযোগ আনা হয়েছিল।
এদিকে হামলার পর বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেশজুড়ে সতর্কতামূলক সাইরেন বাজানোর কথা জানিয়েছে। নাগরিকদের শান্ত থাকার পাশাপাশি নিকটস্থ নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
কুয়েতের সেনাবাহিনীর জেনারেল স্টাফ জানিয়েছে, দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আকাশসীমায় প্রবেশ করা লক্ষ্যবস্তু প্রতিহত করার চেষ্টা করছে। প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় থাকায় বিভিন্ন স্থানে বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানানো হয়েছে। জনগণকে নিরাপত্তা নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।
তবে ইরানের এসব দাবির বিষয়ে যুক্তরাষ্ট্র, জর্ডান, বাহরাইন বা কুয়েতের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে স্বাধীনভাবে যাচাই করা কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ পাওয়া যায়নি।
সূত্র: আল জাজিরা























