ঈশ্বরগঞ্জে জুলাই শহীদদের স্মরণে প্রীতি ফুটবল, ট্রফি পেল বিজয়ীরা
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জুলাই শহীদদের স্মরণে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ঈশ্বরগঞ্জ ডিএস কামিল মাদ্রাসা শাখার উদ্যোগে এক প্রীতি ফুটবল ম্যাচ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার মাদ্রাসার খেলার মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ময়মনসিংহ জেলা শাখার অফিস সম্পাদক সৈকত আলী।
ডিএস কামিল মাদ্রাসা শাখার সভাপতি শিহাবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রশিবিরের সভাপতি শিহাব উদ্দিন, ঈশ্বরগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর প্রচার ও মিডিয়া সম্পাদক এইচ এম মাজহারুল ইসলাম এবং ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ফারুকী মো. আল-আমিন।
এছাড়াও মাদ্রাসার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল, শিক্ষার্থী ও খেলোয়াড়রা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
খেলা শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, জুলাই আন্দোলনে ছাত্রসমাজের আত্মত্যাগ ও বীরত্ব দেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। সেই চেতনা ধারণ করে দেশ, সমাজ ও মানবকল্যাণে তরুণদের এগিয়ে আসতে হবে। একই সঙ্গে মাদকমুক্ত, সুস্থ ও শৃঙ্খলাবদ্ধ সমাজ গঠনে খেলাধুলার গুরুত্ব অপরিসীম বলেও তারা উল্লেখ করেন।
আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ বিজয়ী ও রানার্স-আপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন।




















