ট্রাম্পের মাথার দাম ঘোষণা, পুরস্কার ১২৩ কোটি টাকা
ইরানের শীর্ষ সামরিক কমান্ডার জেনারেল কাসেম সোলাইমানি হত্যাকাণ্ডে নিজের ভূমিকার কথা প্রকাশ্যে উল্লেখ করার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে লক্ষ্য করে হুমকিমূলক ঘোষণা দিয়েছে ইরানপন্থী ইরাকভিত্তিক সশস্ত্র গোষ্ঠী ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক (আইআরআই)।
গোষ্ঠীটি এক বিবৃতিতে দাবি করেছে, ট্রাম্পকে হত্যা করতে পারলে ১ কোটি মার্কিন ডলার পুরস্কার দেওয়া হবে। বর্তমান বিনিময় হার অনুযায়ী এর পরিমাণ প্রায় ১২৩ কোটি ১২ লাখ টাকা।
গত বৃহস্পতিবার প্রকাশিত বিবৃতিতে আইআরআই জানায়, সংগঠনের সদস্য ও সমর্থকদের অনুদানে এই অর্থ সংগ্রহ করা হয়েছে। সেখানে ট্রাম্পকে ‘অপরাধী’ আখ্যা দিয়ে আরও বলা হয়, বিশ্বের স্বাধীনতাকামী মানুষ শিশু ও বিজ্ঞানীদের হত্যার জন্য দায়ীদের বিচারের মুখোমুখি করতে চেষ্টা চালিয়ে যাবে।
বিবৃতিতে আরও দাবি করা হয়, নিহত যোদ্ধাদের প্রতিশোধ নেওয়া তাদের জন্য একটি বাধ্যতামূলক অঙ্গীকার এবং ‘শহীদদের রক্ত একদিন আগ্রাসনকারীদের পতন ঘটাবে’।
এদিকে গালফ নিউজ-এর প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি ওয়াশিংটনে হোয়াইট হাউসে ইরাকের প্রধানমন্ত্রী আলী আল জাইদির সঙ্গে বৈঠকে ট্রাম্প বলেন, ২০২০ সালে ইরানের কুদস ফোর্সের প্রধান জেনারেল কাসেম সোলাইমানি এবং ইরাকের মিলিশিয়া নেতা আবু মাহদি আল-মুহান্দিসকে হত্যার অভিযানে তার ভূমিকা ছিল।
বিশ্লেষকদের ধারণা, ট্রাম্পের ওই বক্তব্য প্রকাশ্যে আসার পরই ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক এই পুরস্কার ঘোষণার সিদ্ধান্ত নেয়।
তবে আইআরআই-এর এই দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
সূত্র: দ্য টাইমস অব ইন্ডিয়া, গালফ নিউজ।



























