নওগাঁ জেলা পুলিশের আরআই আজিজুর রহমানের বদলিজনিত বিদায় সংবর্ধনা
নওগাঁ জেলা পুলিশের ভারপ্রাপ্ত রিজার্ভ ইন্সপেক্টর (আরআই) মো. আজিজুর রহমানের বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
কুষ্টিয়া জেলার রিজার্ভ ইন্সপেক্টর (আরআই) হিসেবে পদায়ন উপলক্ষে নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম তাঁকে বিদায় সংবর্ধনা প্রদান করেন। এ সময় পুলিশ সুপার তাঁর হাতে সম্মাননা স্মারক তুলে দেন এবং নতুন কর্মস্থলে সফলতা কামনা করেন।
মো. আজিজুর রহমান ২৩ জুলাই ১৯৯১ সালে বাংলাদেশ পুলিশে কনস্টেবল পদে যোগদান করেন। দীর্ঘ ৩৫ বছরের কর্মজীবনে ধাপে ধাপে পদোন্নতি পেয়ে ২১ অক্টোবর ২০২০ সালে পুলিশ পরিদর্শক (সশস্ত্র) হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
তিনি ১২ জুন ২০২৩ সালে নওগাঁ জেলায় সশস্ত্র পুলিশ পরিদর্শক হিসেবে যোগদান করেন। কর্মকালীন অধিকাংশ সময় ভারপ্রাপ্ত রিজার্ভ ইন্সপেক্টর (আরআই) হিসেবে দায়িত্ব পালন করেন। দায়িত্ব পালনের প্রতিটি ক্ষেত্রে তিনি নিষ্ঠা, সততা, জবাবদিহিতা ও পেশাদারিত্বের পরিচয় দেন। পাশাপাশি ফোর্সের কল্যাণ নিশ্চিত করা এবং জেলা পুলিশের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
বিদায় অনুষ্ঠানে উপস্থিত কর্মকর্তারা তাঁর কর্মনিষ্ঠা, সততা ও আন্তরিকতার ভূয়সী প্রশংসা করেন। একই সঙ্গে কুষ্টিয়ায় নতুন কর্মস্থলেও তিনি পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আরও সাফল্য অর্জন করবেন বলে আশা প্রকাশ করেন।
























