জৈন্তাপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আসকের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে সচেতনতা সৃষ্টি করতে।
সিলেটের জৈন্তাপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, আইন সহায়তা কেন্দ্র (আসক), জৈন্তাপুর উপজেলা শাখা।
মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর ১টায় জৈন্তা মহিলা দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কমিউনিটির নেতা গিয়াস উদ্দিন আল মামুন।
এ সময় আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, আইন সহায়তা কেন্দ্র (আসক), জৈন্তাপুর উপজেলা শাখার সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদকসহ উপজেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে বেশি বেশি গাছ লাগানোর পাশাপাশি সেগুলোর যথাযথ পরিচর্যা নিশ্চিত করার আহ্বান জানান তারা।
পরে কর্মসূচির অংশ হিসেবে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। আয়োজকরা জানান, পরিবেশবান্ধব সমাজ গঠনে শিক্ষার্থীদের সম্পৃক্ত করতে ভবিষ্যতেও এ ধরনের সচেতনতামূলক ও বৃক্ষরোপণ কর্মসূচি ধারাবাহিকভাবে পরিচালিত হবে।





















