নওগাঁ সরকারি কলেজে মাদক, বাল্যবিবাহ ও সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সভা
নওগাঁ সরকারি কলেজে শিক্ষার্থীদের নিয়ে মাদক, বাল্যবিবাহ ও টিনেজ সাইবার ক্রাইম প্রতিরোধে সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) নওগাঁ সরকারি কলেজে আয়োজিত এ সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।
সভায় পুলিশ সুপার প্রজেক্টরের মাধ্যমে তথ্যসমৃদ্ধ উপস্থাপনা তুলে ধরে শিক্ষার্থীদের উদ্দেশ্যে সচেতনতামূলক ও দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। এ সময় তিনি মাদকের ভয়াবহতা, বাল্যবিবাহের ক্ষতিকর প্রভাব, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সতর্কতা, অনলাইন প্রতারণা, সাইবার বুলিং, পর্নোগ্রাফি এবং ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
পুলিশ সুপার বলেন, শিক্ষার্থীদের সচেতন, দায়িত্বশীল ও আইন মেনে চলা নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। একই সঙ্গে পরিবার ও সমাজকে মাদক, বাল্যবিবাহ এবং সাইবার অপরাধমুক্ত রাখতে প্রত্যেককে সক্রিয় ভূমিকা পালন করতে হবে।
প্রায় ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় নওগাঁ সরকারি কলেজের তিন শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। সভার প্রশ্নোত্তর পর্বে শিক্ষার্থীরা মাদক, বাল্যবিবাহ ও সাইবার অপরাধসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশ্ন করেন। পুলিশ সুপার শিক্ষার্থীদের প্রশ্নের তাৎপর্যপূর্ণ ও দিকনির্দেশনামূলক উত্তর দেন।
এ সময় গুরুত্বপূর্ণ প্রশ্ন ও গঠনমূলক মতামত প্রদানকারী কয়েকজন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়।
অনুষ্ঠানে নওগাঁ সরকারি কলেজের প্রতিনিধিবৃন্দ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস), উপজেলা নির্বাহী অফিসার, র্যাবের প্রতিনিধি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
























