সন্দ্বীপ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে উন্নয়নকাজ পরিদর্শনে ইউএনও, বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ
চট্টগ্রামের সন্দ্বীপ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণের পাশাপাশি চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক আমজাদ হোসেন।
মঙ্গলবার তিনি মৌলভী শামসুল হুদা সড়কে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন। পরে ৬ নম্বর ওয়ার্ডের সাব্দির বাড়ি সড়ক এবং এলজিইডি বাস্তবায়নাধীন নাজিরহাট–বদিউজ্জামান সড়ক প্রকল্পের আওতাভুক্ত গোডাউন সড়কের সমাপ্ত ও চলমান উন্নয়নকাজ সরেজমিনে পরিদর্শন করেন।
পরিদর্শনকালে ইউএনও প্রকল্পের প্রাক্কলন অনুযায়ী কাজের গুণগত মান যাচাই করেন। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তা, ঠিকাদার ও কর্মীদের নির্ধারিত সময়সীমার মধ্যে প্রাক্কলন অনুযায়ী মানসম্মতভাবে কাজ সম্পন্ন করার কঠোর নির্দেশনা দেন।
তিনি স্থানীয় বাসিন্দাদের উদ্দেশে বলেন, উন্নয়নকাজ চলাকালীন কিংবা কাজ শেষ হওয়ার পর কোনোভাবেই যেন রাস্তার ক্ষতি হয়—এমন কর্মকাণ্ড থেকে সবাইকে বিরত থাকতে হবে। উন্নয়ন প্রকল্পের স্থায়িত্ব ও সুরক্ষা নিশ্চিত করতে জনসচেতনতা এবং সর্বস্তরের মানুষের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও তিনি উল্লেখ করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক আমজাদ হোসেন বলেন, “আদর্শ সন্দ্বীপ গড়ে তুলতে সকলের আন্তরিক সহযোগিতা একান্তভাবে কামনা করছি।”
























