সিটি কর্পোরেশনের তালিকায় যুক্ত হচ্ছে কক্সবাজার
দেশের সিটি কর্পোরেশনের তালিকায় অগ্রাধিকার ভিত্তিতে কক্সবাজারকে যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, প্রায় ১৫৭ বছরের পুরোনো কক্সবাজার পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার প্রশাসনিক প্রক্রিয়া শুরু হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্থানীয় সরকার বিভাগকে নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়। একই সঙ্গে অগ্রগতির প্রতিবেদন দ্রুত পাঠানোরও নির্দেশ দেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রটোকল অফিসার-১ এবং সংসদ সদস্যদের প্রতিশ্রুতি ও প্রত্যাশিত কর্মসূচি বাস্তবায়ন সমন্বয় সেলের সদস্য সচিব উজ্জ্বল হোসেনের সই করা দপ্তরাদেশে এ নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান জাহেদ উর রহমান।
ব্রিফিংয়ে আরও জানানো হয়, গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ এবং দরিদ্র নারীদের কর্মসংস্থানের লক্ষ্যে ২ হাজার ৮২ কোটি ১২ লাখ টাকার একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ২০২৯ সালের ডিসেম্বরের মধ্যে প্রকল্পটি বাস্তবায়ন করবে।
এদিকে চট্টগ্রাম ওয়াসার মাসিক রাজস্ব আদায়ও বেড়েছে। সংস্থাটির মাসিক রাজস্ব আদায় ১৮ থেকে ২০ কোটি টাকার সীমা পেরিয়ে বর্তমানে ২৬ কোটি ৮০ লাখ টাকায় দাঁড়িয়েছে। একই সময়ে দৈনিক পানি উৎপাদন গড়ে ৪৯ কোটি ৬০ লাখ লিটারে পৌঁছেছে, যা চট্টগ্রাম ওয়াসার দাবি অনুযায়ী সর্বোচ্চ রেকর্ড।
এ ছাড়া এলজিইডির প্রধান প্রকৌশলী (চলতি দায়িত্ব) বেলাল হোসেনকে গ্রেড-১ পদে পদোন্নতি দেওয়া হয়েছে। অন্যদিকে চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন মাহবুবের রহমান শামীম।
তার নিয়োগের মধ্য দিয়ে দেশের ৬৩টি জেলা পরিষদে প্রশাসক নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। তবে এখনো ঠাকুরগাঁও জেলা পরিষদে প্রশাসক নিয়োগ বাকি রয়েছে।

























