কাশিয়ানীতে আওয়ামী লীগের তিন নেতার পদত্যাগের ঘোষণা
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় সংবাদ সম্মেলনের মাধ্যমে আওয়ামী লীগের প্রাথমিক সদস্যপদ ও দলীয় দায়িত্ব থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ঘোষণা দিয়েছেন তিন নেতা। তারা জানান, শারীরিক অসুস্থতা এবং ব্যক্তিগত ব্যবসায়িক ব্যস্ততার কারণে দীর্ঘদিন ধরে দলীয় কার্যক্রমে সক্রিয় ছিলেন না। তাই স্বেচ্ছায় দল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।
বুধবার (২৯ জুলাই) দুপুরে কাশিয়ানী প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা এ ঘোষণা দেন।
পদত্যাগকারী নেতারা হলেন— রাতইল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. শফিকুল ইসলাম, একই ওয়ার্ডের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মো. বদরুল ইসলাম এবং কার্যনির্বাহী সদস্য মো. নয়ন মোল্যা।
সংবাদ সম্মেলনে মো. শফিকুল ইসলাম বলেন, শারীরিক অসুস্থতার কারণে তিনি স্বেচ্ছায় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব এবং দলীয় সদস্যপদ ছেড়ে দিচ্ছেন। পাশাপাশি ভবিষ্যতে কোনো রাজনৈতিক দলের কর্মকাণ্ডে অংশগ্রহণ করবেন না বলেও জানান তিনি।
এ সময় মো. বদরুল ইসলাম ও মো. নয়ন মোল্যা যৌথভাবে বলেন, দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতা ও ব্যবসায়িক ব্যস্ততার কারণে তারা দলীয় কার্যক্রমে যুক্ত ছিলেন না। এসব কারণ বিবেচনায় তারা স্বেচ্ছায় নিজ নিজ পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন এবং আনুষ্ঠানিকভাবে সেই ঘোষণা দিচ্ছেন।




















