গোপালগঞ্জে প্রাথমিকের বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
গোপালগঞ্জ সদর উপজেলার এস.এম. মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে ২০২৫ সালের প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা কমিটির (এসএমসি) সভাপতি ডা. রাবেয়া আক্তারের সভাপতিত্বে সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রতিপাদ্য ছিল— “আনন্দধারা বহিছে ভুবনে, দিনরজনী কত অমৃতরস উথলি যায় অনন্ত গগনে।”
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে. এম. বাবর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জের জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান, পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ এবং জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোছা. জ্যোৎস্না খাতুন।
অনুষ্ঠানে ২০২৫ সালের প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে শিক্ষাবৃত্তি, সনদপত্র, ক্রেস্ট এবং ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
আলোচনা পর্বে অতিথিরা শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, এই সাফল্য শুধু ব্যক্তিগত অর্জন নয়, বরং পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং দেশের জন্যও গর্বের বিষয়। তারা শিক্ষার্থীদের সততা, শৃঙ্খলা, নৈতিক মূল্যবোধ ও অধ্যবসায়ের মাধ্যমে নিজেদের যোগ্য, দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। পাশাপাশি সময়ের যথাযথ ব্যবহার এবং নিয়মিত অধ্যয়নের গুরুত্বের ওপরও গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সংবর্ধনা অনুষ্ঠানটি আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়।
























