এনসিপির গাড়িবহরে হামলার ঘটনায় জৈন্তাপুর উপজেলা জাসাসের সভাপতি ও সাধারণ সম্পাদকের নিন্দা ও প্রতিবাদ
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরে হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জৈন্তাপুর উপজেলা জাসাস। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন সংগঠনটির নেতারা।
শুক্রবার (৩১ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে জৈন্তাপুর উপজেলা জাসাসের সভাপতি এম. আর. মামুন এবং সাধারণ সম্পাদক সাজিদ আহমদ তারেক বলেন, এনসিপির ‘জুলাই পদযাত্রা’র অংশ হিসেবে জৈন্তাপুর উপজেলার হরিপুর বাজারে আয়োজিত পথসভা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হয়েছে।
বিবৃতিতে তারা দাবি করেন, পথসভা শেষে জৈন্তাপুর উপজেলার চিকনাগুল এলাকায় এনসিপির কেন্দ্রীয় নেতাদের গাড়িবহর হামলার শিকার হয়, যা অত্যন্ত নিন্দনীয় ও অনাকাঙ্ক্ষিত। তারা বলেন, এ ঘটনার সঙ্গে জৈন্তাপুর উপজেলা বিএনপি বা জাসাসের কোনো ধরনের সম্পৃক্ততা নেই।
নেতৃদ্বয় আরও বলেন, হামলার প্রকৃত রহস্য উদ্ঘাটন করে দায়ীদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে কোনো ধরনের যাচাই-বাছাই ছাড়া এ ঘটনার দায় বিএনপি বা জাসাসের ওপর চাপানোর অপচেষ্টারও নিন্দা জানান তারা।
যৌথ বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, হরিপুরের পথসভায় বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলোর সহযোগিতা সত্ত্বেও এনসিপির এক কেন্দ্রীয় নেতার বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও জাসাস সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্য করা হয়েছে বলে তারা অভিযোগ করেন।
জৈন্তাপুর উপজেলা জাসাসের নেতারা এ ধরনের বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

























