তারেক রহমানের সম্ভাব্য সফর ঘিরে ফটিকছড়িতে প্রস্তুতি জোরদার, হেলিপ্যাড ও অনুষ্ঠানস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও ডিআইজি
আগামী ৯ আগস্ট প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য চট্টগ্রাম সফরকে সামনে রেখে ফটিকছড়িতে প্রশাসনিক প্রস্তুতি জোরদার করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (৪ আগস্ট) চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন এবং চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম সম্ভাব্য হেলিপ্যাড নির্মাণস্থল ও অনুষ্ঠানস্থল পরিদর্শন করেন।
প্রথমে তারা ফটিকছড়ির পাইন্দং সিএনবি মাঠে সম্ভাব্য হেলিপ্যাডের স্থান এবং পরে আল জামেয়া ইসলামীয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসা প্রাঙ্গণ ঘুরে দেখেন। পরিদর্শনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদ মোহাম্মদ ইব্রাহীম সম্ভাব্য সফরের সার্বিক প্রস্তুতি, ভেন্যুর অবস্থা এবং প্রয়োজনীয় কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।
এ সময় সফরকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা, যানবাহন চলাচল, অবকাঠামোগত প্রস্তুতি এবং অন্যান্য প্রয়োজনীয় বিষয় নিবিড়ভাবে পর্যালোচনা করা হয়। বিভাগীয় কমিশনার ও ডিআইজি সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
পরিদর্শন শেষে বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম আধ্যাত্মিক কেন্দ্র ফটিকছড়ির মাইজভাণ্ডার দরবার শরীফ জিয়ারত করেন। তাঁর সঙ্গে ছিলেন ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী, ইউএনও সাঈদ মোহাম্মদ ইব্রাহীম, হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. তারেক আজিজ, ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল আলম খানসহ বিভাগীয়, জেলা ও উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্যরা।
মাইজভাণ্ডার দরবার শরীফে বিভাগীয় কমিশনারকে স্বাগত জানান গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের সাজ্জাদানশীন, আওলাদে রাসূল (সা.) ও আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর ভারপ্রাপ্ত সভাপতি হযরত শাহসূফী সৈয়দ হোসেইন রাইফ নুরুল ইসলাম রুবাব মাইজভাণ্ডারী।
পরে বিভাগীয় কমিশনার দরবার শরীফে অবস্থিত হযরত গাউসুল আজম শাহসূফী সৈয়দ আহমদ উল্লাহ্ মাইজভাণ্ডারী (ক.), শাহসূফী সৈয়দ গোলামুর রহমান মাইজভাণ্ডারী (বাবা ভাণ্ডারী), অছি-এ গাউসুল আজম শাহসূফী সৈয়দ দেলাওয়ার হোসাইন মাইজভাণ্ডারী, বিশ্বঅলি শাহানশাহ্ শাহসূফী সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী, শাহসূফী সৈয়দ মুনিরুল হক মাইজভাণ্ডারী এবং শাহসূফী ডা. সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারীর পবিত্র রওজা শরীফ জিয়ারত করেন এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন।





















