শহীদদের আত্মত্যাগ জাতিকে পথ দেখাবে: আলাউদ্দীন সিকদার
শহীদ সাইমুন-সৈকতসহ সকল শহীদের মাগফিরাত কামনা, আহতদের সুস্থতা ও দেশের শান্তি-কল্যাণে বিশেষ মোনাজাত।
জুলাইয়ের গণঅভ্যুত্থানে জীবন উৎসর্গকারী সন্দ্বীপের শহীদ সাইমুন ও সৈকতসহ সকল শহীদের স্মরণে এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় বাংলাদেশ জামায়াতে ইসলামী সন্দ্বীপ উপজেলার উদ্যোগে এক ব্যাপক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে সন্দ্বীপের হানিফ শিকদার জামে মসজিদে আয়োজিত এ কর্মসূচিতে দলীয় নেতাকর্মী, স্থানীয় মুসল্লি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
দোয়া মাহফিলের আগে বিকাল ৪টা ৪০ মিনিটে জামায়াত নেতৃবৃন্দ শহীদ সাইমুনের কবর জিয়ারত করেন। এ সময় তাঁর রূহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে বিকাল ৫টায় হানিফ শিকদার জামে মসজিদে আনুষ্ঠানিক দোয়া মাহফিল শুরু হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামী সন্দ্বীপ উপজেলা আমীর মাওলানা সিরাজুল ইসলাম ফিরোজের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে সঞ্চালনা করেন শ্রমিক কল্যাণ ফেডারেশন সন্দ্বীপ উপজেলা সভাপতি মাওলানা শাহাদাৎ হোসাইন। পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন মাওলানা হেলাল উদ্দিন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম উত্তর জেলা আমীর মুহাম্মদ আলা উদ্দীন সিকদার। তিনি বলেন, “জুলাইয়ের গণঅভ্যুত্থানে যারা জীবন উৎসর্গ করেছেন, তারা জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবেন। শহীদ সাইমুন, শহীদ সৈকতসহ সকল শহীদের আত্মত্যাগ ন্যায়, ইনসাফ ও মানবিক মর্যাদা প্রতিষ্ঠার সংগ্রামে নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে।”
তিনি আরও বলেন, “আমরা মহান আল্লাহর দরবারে সকল শহীদের রূহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাআলা যেন তাঁদের জান্নাতুল ফিরদাউস দান করেন, আহতদের দ্রুত সুস্থতা প্রদান করেন এবং শহীদ পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের তাওফিক দান করেন। পাশাপাশি দেশকে শান্তি, ন্যায়বিচার ও সমৃদ্ধির পথে পরিচালিত করুন।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সন্দ্বীপ উপজেলা সেক্রেটারি মাওলানা আবু তাহের, সহকারী সেক্রেটারি মাওলানা এ.এস.এম. হালিম উল্লাহ, উপজেলা তথ্য ও প্রচার সম্পাদক মোহাম্মদ শাহেদ খান, ইসলামী ছাত্রশিবির সন্দ্বীপ শহর সভাপতি মুহাম্মদ নজরুল মাহমুদ, মুছাপুর ইউনিয়ন সভাপতি মাওলানা নাজিম উদ্দীন সিরাজী, পৌরসভা সভাপতি মুহাম্মদ আব্দুল ওয়াদুদ, কালাপানিয়া ইউনিয়ন সভাপতি মাওলানা সোলাইমান চৌধুরী এবং গাছুয়া ইউনিয়ন সভাপতি মুহাম্মদ মাকছুদুর রহমান।
অনুষ্ঠানে উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল, কর্মী, সমর্থক এবং স্থানীয় মুসল্লিগণ উপস্থিত ছিলেন। শেষ পর্বে শহীদদের রূহের মাগফিরাত, আহতদের দ্রুত সুস্থতা, শহীদ পরিবারের সদস্যদের জন্য উত্তম প্রতিদান এবং দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।





















