র্যাব বিলুপ্ত করে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ গঠনের উদ্যোগ, খসড়া আইন প্রকাশ
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্ত করে বাংলাদেশ পুলিশের অধীনে নতুন একটি বিশেষায়িত বাহিনী গঠনের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) আইন, ২০২৬’-এর খসড়া জনমতের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
খসড়া আইনে বলা হয়েছে, দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা জোরদার এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণের উদ্দেশ্যে দ্য আর্মড পুলিশ ব্যাটালিয়নস অর্ডিন্যান্স, ১৯৭৯-এর অধীনে গঠিত র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্ত করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠন করা হবে।
প্রস্তাবিত আইন অনুযায়ী, এসআরবি বাংলাদেশ পুলিশের অধীন একটি স্বতন্ত্র বিশেষায়িত ইউনিট হিসেবে কাজ করবে। বাহিনীটির নিজস্ব লোগো, পতাকা ও পোশাক থাকবে।
খসড়ায় আরও উল্লেখ করা হয়েছে, প্রয়োজন অনুযায়ী বাংলাদেশ পুলিশ এবং অন্যান্য শৃঙ্খলা বাহিনীর নির্ধারিত সংখ্যক কর্মকর্তা-কর্মচারীকে পদায়ন বা প্রেষণের মাধ্যমে এসআরবিতে নিয়োগ দেওয়া হবে। পাশাপাশি, শৃঙ্খলা বাহিনী ও প্রতিরক্ষা কর্মবিভাগের সংশ্লিষ্ট আইন অনুসারে সদস্যদের অস্থায়ীভাবে সংযুক্ত বা প্রেষণে নিয়োগের সুযোগ রাখা হয়েছে।
নতুন বাহিনীতে প্রেষণে নিয়োগের মেয়াদ ন্যূনতম দুই বছর রাখার প্রস্তাব করা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, খসড়া আইনটি বর্তমানে জনমতের জন্য উন্মুক্ত রয়েছে। সংশ্লিষ্ট অংশীজন ও সাধারণ মানুষের মতামত এবং পর্যালোচনার ভিত্তিতে প্রয়োজনীয় সংশোধন শেষে আইনটি চূড়ান্ত করা হবে।
























