বগুড়াকে পরিচ্ছন্ন ও আধুনিক নগরী গড়তে মতবিনিময় সভা
বগুড়া মহানগরীকে পরিচ্ছন্ন, আধুনিক ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১১ আগস্ট) জেলা প্রশাসকের কার্যালয়ের ‘করতোয়া’ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
বগুড়ার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. তৌফিকুর রহমানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন এবং বগুড়া জেলার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ।
সভায় বগুড়া সিটি কর্পোরেশনের ১ থেকে ৫ নম্বর ওয়ার্ডের সমন্বয় কমিটির সদস্যরা অংশ নেন। এ সময় নগরীর সার্বিক উন্নয়ন, পরিচ্ছন্নতা নিশ্চিতকরণ এবং নাগরিক সেবার মানোন্নয়নসহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় করা হয়।
সভায় সংশ্লিষ্ট ওয়ার্ডগুলোর সমস্যা ও সম্ভাবনা চিহ্নিত করে সমন্বিত উদ্যোগের মাধ্যমে নগরীর পরিবেশ ও নাগরিক সুবিধা উন্নত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, প্রশাসন, সিটি কর্পোরেশন, পুলিশ ও স্থানীয় জনগণের সমন্বিত উদ্যোগে বগুড়া আরও পরিচ্ছন্ন, সুন্দর ও আধুনিক নগরী হিসেবে গড়ে উঠবে।

























