লামায় বন্যাকবলিত জনগোষ্ঠীর জীবন রক্ষাকারী আচরণ নিশ্চিতে কমিউনিটি সভা
বন্যাকবলিত জনগোষ্ঠীর জীবন রক্ষাকারী আচরণ নিশ্চিতকরণ ও দুর্যোগকালীন সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লামায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, কমিউনিটি নেতা, এনজিও প্রতিনিধি ও সংশ্লিষ্টদের অংশগ্রহণে একটি কমিউনিটি সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ আগস্ট) লামা উপজেলার পশ্চিম মধুঝিরিতে আয়োজিত এ সভায় বন্যা ও ভূমিধসের মতো দুর্যোগের সময় নিরাপদ আশ্রয়ে যাওয়া, শিশু-বয়স্ক ও ঝুঁকিপূর্ণ পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করা, বিশুদ্ধ পানি পান, স্বাস্থ্যবিধি মেনে চলা এবং সরকারি সতর্কবার্তা অনুসরণের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় সহকারী তথ্য অফিসার বলেন, দুর্যোগের সময় সঠিক তথ্য মানুষের জীবন রক্ষা করতে পারে। বিপরীতে গুজব ও ভুল তথ্য বড় ধরনের ঝুঁকি তৈরি করতে পারে। তাই বন্যা বা ভূমিধসের আশঙ্কা দেখা দিলে সরকারি ও দায়িত্বশীল সূত্রের সতর্কবার্তা অনুসরণ করে দ্রুত নিরাপদ আশ্রয়ে যাওয়ার আহ্বান জানানো হয়।
তিনি আরও বলেন, দুর্যোগ মোকাবিলায় স্থানীয় পর্যায়ে পারস্পরিক সহযোগিতা ও সচেতনতা বাড়াতে হবে। বিশেষ করে শিশু, বয়স্ক ও শারীরিকভাবে ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে।
সভায় দুর্যোগকালে সরকারি সেবা, সহায়তা ও ত্রাণ পাওয়ার ক্ষেত্রে কোনো ধরনের লেনদেন না করার জন্য সবাইকে সতর্ক করা হয়। এ ধরনের কোনো ঘটনা ঘটলে অভিযোগ বক্সে অভিযোগ জানানোর পাশাপাশি প্রয়োজনীয় পরামর্শ গ্রহণের জন্য অংশগ্রহণকারীদের অনুরোধ করা হয়।
বক্তারা বলেন, বন্যা ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে শুধু সরকারি উদ্যোগ নয়, কমিউনিটি পর্যায়েও সচেতনতা, পারস্পরিক সহযোগিতা ও জীবন রক্ষাকারী আচরণ নিশ্চিত করা জরুরি।
সভাটি আয়োজন করে তথ্য অফিস, লামা। সহযোগিতায় ছিল ইউনিসেফ বাংলাদেশ এবং বাস্তবায়ন সহযোগী হিসেবে ছিল জাগ্রত যুব সংঘ, লামা।























