গঙ্গাচড়া সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
রংপুরের গঙ্গাচড়া সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬-এর পুরস্কার বিতরণী, আলোচনা সভা, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জেসমিন আক্তার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রংপুর-১ আসনের সংসদ সদস্য মো. রায়হান সিরাজী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির গঙ্গাচড়া উপজেলা শাখার সভাপতি মো. চাঁদ সরকার, জামায়াতে ইসলামী গঙ্গাচড়া উপজেলা শাখার আমির মো. নায়েবুজ্জামান, বিএনপির উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. আইয়ুব আলী, জামায়াতে ইসলামী উপজেলা শাখার সেক্রেটারি মো. সাইফুল ইসলাম এবং গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সবুর।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন গঙ্গাচড়া সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আখের মিঞা।
এ ছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু মো. আলেমুল বাসার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবু সাঈদ মো. আরিফ মাহফুজ এবং ৪ নম্বর গঙ্গাচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মাহফুজার রহমান (দুলু)।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী বর্ষা ইয়াসমিন ও মিরাতুল ফেরদৌসি মাহি। এতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, সাংবাদিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পাশাপাশি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। পরে বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।























