গোপালগঞ্জে বিদ্যুৎ ব্যবস্থাপনা ও সাশ্রয় সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত
গোপালগঞ্জে বিদ্যুৎ ব্যবস্থাপনা ও সাশ্রয় নিশ্চিত করতে জেলা বিদ্যুৎ ব্যবস্থাপনা ও সাশ্রয় সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের ‘স্বচ্ছতা’ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন গোপালগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আরিফ-উজ-জামান। এতে উপস্থিত ছিলেন গোপালগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ হাবীবুল্লাহসহ সংশ্লিষ্ট কমিটির সদস্যরা।
সভায় পুলিশ সুপার মোহাম্মদ হাবীবুল্লাহ বলেন, বিদ্যুৎ জাতীয় সম্পদ। এর সঠিক ব্যবহার ও অপচয় রোধে সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি সাধারণ নাগরিকদেরও সচেতন ভূমিকা পালন করতে হবে। বিদ্যুৎ ব্যবহারে ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক সচেতনতা একদিকে যেমন ব্যয় কমাতে সহায়তা করে, অন্যদিকে জাতীয় জ্বালানি ব্যবস্থাপনা ও টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তিনি শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি অফিসসহ বিভিন্ন প্রতিষ্ঠানে বিদ্যুতের সঠিক ব্যবহার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে বিদ্যুৎ বিলের ব্যয় পর্যালোচনা, অপ্রয়োজনীয় বৈদ্যুতিক যন্ত্রের ব্যবহার কমানো এবং অফিস কার্যক্রম শেষে সব ধরনের বৈদ্যুতিক ও ইলেকট্রনিক সরঞ্জাম সম্পূর্ণভাবে বন্ধ রাখার আহ্বান জানান।
পুলিশ সুপার দিনের বেলায় যথাসম্ভব প্রাকৃতিক আলো ব্যবহারের পরামর্শ দেন। পাশাপাশি অফিসের বিভিন্ন কক্ষে প্রয়োজন অনুযায়ী বিদ্যুৎ ব্যবহারের নিয়ম মেনে চলা এবং কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে বিদ্যুৎ সাশ্রয়ের মানসিকতা গড়ে তোলার ওপর গুরুত্ব দেন।
সভায় বক্তারা বলেন, বিদ্যুতের অপচয় রোধে শুধু সরকারি নির্দেশনা নয়, প্রত্যেকের দায়িত্বশীল আচরণ প্রয়োজন। সমন্বিত উদ্যোগ ও সচেতনতার মাধ্যমে বিদ্যুৎ সাশ্রয়ের পাশাপাশি জাতীয় সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করা সম্ভব।
এ সময় বিদ্যুৎ সাশ্রয়, নাগরিক দায়িত্ব পালন এবং বিদ্যুৎ ব্যবহারে নিয়ম-কানুন মেনে চলার মাধ্যমে গোপালগঞ্জে একটি নিরাপদ, সুশৃঙ্খল, স্থিতিশীল ও স্বস্তিদায়ক পরিবেশ গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করা হয়।
























