বেগম জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে সন্দ্বীপে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি
সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে চট্টগ্রামের সন্দ্বীপে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) বিকেল ৪টায় উপজেলা কমপ্লেক্সের আদালত ভবনের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়। জনাব মোস্তফা কামাল পাশা এমপির সৌজন্যে আয়োজিত এ কর্মসূচিতে সাধারণ মানুষের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।
কর্মসূচিটির আয়োজন করেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও সন্দ্বীপ পৌরসভা ছাত্রদলের সদস্য সচিব আবুল হাসান ফয়সাল। এতে সার্বিক সহযোগিতা করে সন্দ্বীপ ব্লাড ডোনার ফোরাম।
আয়োজকরা জানান, মানুষের মধ্যে রক্তের গ্রুপ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, জরুরি সময়ে দ্রুত রক্তদানের সুযোগ সৃষ্টি এবং মানবিক সেবার মানসিকতা গড়ে তোলাই এ কর্মসূচির মূল লক্ষ্য।
এ সময় স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগের প্রশংসা করেন। অংশগ্রহণকারীরা বলেন, নিজের রক্তের গ্রুপ জানা থাকলে জরুরি মুহূর্তে দ্রুত চিকিৎসা ও রক্ত সংগ্রহে সুবিধা হয়।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এ ধরনের সচেতনতামূলক ও মানবিক কর্মসূচি অব্যাহত থাকবে।























