ধামইরহাটে কমিউনিটি পুলিশিং সভা: মাদক, বাল্যবিবাহ ও কিশোর অপরাধ প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
নওগাঁর ধামইরহাট থানাধীন ইসবপুর উচ্চ বিদ্যালয়ে কমিউনিটি পুলিশিং কার্যক্রমকে আরও কার্যকর, জনবান্ধব ও গতিশীল করার লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ আগস্ট ২০২৬) নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম-এর উপস্থিতিতে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় কমিউনিটি পুলিশিংয়ের গুরুত্ব, জনগণের সঙ্গে পুলিশের সুসম্পর্ক গড়ে তোলা, অপরাধ প্রতিরোধ, মাদক ও বাল্যবিবাহ নির্মূল, কিশোর অপরাধ প্রতিরোধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ ও জনগণের সম্মিলিত ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।
পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, “জনগণের সহযোগিতা ও সক্রিয় অংশগ্রহণ ছাড়া কার্যকর পুলিশিং সম্ভব নয়।” পারস্পরিক আস্থা, সহযোগিতা ও তথ্য আদান-প্রদানের মাধ্যমে একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও অপরাধমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব বলেও তিনি উল্লেখ করেন।
তিনি মাদক, বাল্যবিবাহ, কিশোর অপরাধসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। একই সঙ্গে কোনো অপরাধ বা আইনশৃঙ্খলা সংক্রান্ত তথ্য দ্রুত পুলিশকে জানানোর জন্য উপস্থিতদের প্রতি অনুরোধ করেন।
সভায় ধামইরহাট থানা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি কে এম লায়েক আলী, সহ-সভাপতি আলহাজ মোঃ হানজালা, সহ-সভাপতি মোঃ শামীম কবির মিল্টন, ইসবপুর ইউনিয়ন কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি মোঃ হিরো এবং ০৭ নম্বর ওয়ার্ড, ইসবপুর কমিউনিটি পুলিশিংয়ের উপদেষ্টা মোঃ রফিকুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, পুলিশ কর্মকর্তা ও কমিউনিটি পুলিশিংয়ের সদস্যরা বক্তব্য দেন।
বক্তারা মাদক, বাল্যবিবাহ, কিশোর অপরাধসহ সামাজিক অপরাধ প্রতিরোধে পুলিশ ও জনগণের সম্মিলিত উদ্যোগ আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে পুলিশের সঙ্গে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখার অঙ্গীকার করেন।
























