পোরশায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে মাদক ও চোলাই মদবিরোধী উঠান বৈঠক
নওগাঁর পোরশায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর জনগোষ্ঠীর মাঝে মাদক ও চোলাই মদ প্রতিরোধে সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) শেষ বিকেলে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় পোরশা থানার উদ্যোগে মশিদপুর ইউনিয়নের দেশীপাড়া গ্রামে এ মাদকবিরোধী মতবিনিময় সভা ও উঠান বৈঠকের আয়োজন করা হয়।
সভায় উপস্থিত ছিলেন পোরশা থানার অফিসার ইনচার্জ মো. জিয়াউর রহমান, সংশ্লিষ্ট বিট কর্মকর্তা এসআই শিপন মিয়া, থানার অন্যান্য পুলিশ কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বৈঠকে মাদকের ভয়াবহতা, মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব, মাদক ব্যবসার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা এবং মাদক নির্মূলে পরিবার ও সমাজের সম্মিলিত দায়িত্ব নিয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর জনগোষ্ঠীকে চোলাই মদ পরিহার ও মাদকবিরোধী কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানানো হয়।
সভায় বক্তারা বলেন, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি চোলাই মদ জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি। অনিয়ন্ত্রিতভাবে ও ক্ষতিকর রাসায়নিকের মিশ্রণে তৈরি এসব মদ পান করলে গুরুতর অসুস্থতা, দীর্ঘমেয়াদি শারীরিক ক্ষতি এমনকি মৃত্যুও হতে পারে।
বক্তারা আরও বলেন, মাদক প্রতিরোধ শুধু পুলিশের একার দায়িত্ব নয়; এটি সমাজের প্রতিটি মানুষের দায়িত্ব। পুলিশ ও জনগণের সম্মিলিত প্রচেষ্টা, পারস্পরিক সহযোগিতা এবং জনসচেতনতার মাধ্যমেই একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও মাদকমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব।
পোরশা থানা পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযান পরিচালনার পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টির কার্যক্রমও ভবিষ্যতে অব্যাহত থাকবে।























