বদরখালীতে প্রতিপক্ষের হামলায় পশু চিকিৎসক নিহত, আহত ৩
কক্সবাজারের চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়নের সাতদালিয়া পাড়া এলাকায় প্রতিপক্ষের হামলায় মেহেদী হাসান সাকিব নামে এক পশু চিকিৎসক নিহত হয়েছেন। এ ঘটনায় তার বাবা ও দুই ভাই গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তারা চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে সাতদালিয়া পাড়া এলাকায় সাকিবের বড় ভাই মোর্শারফের সঙ্গে স্থানীয় তান্নু, হেলাল ও বেলালের কথা-কাটাকাটি হয়। এ ঘটনার জের ধরে শনিবার সকালে একদল লোক সাকিবদের বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ উঠেছে।
এ সময় সাকিব, তার বাবা ওয়াজ উদ্দিন এবং দুই ভাই মোর্শারফ ও আরফাত গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে সাকিবের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার দিবাগত রাত ১টার দিকে মেহেদী হাসান সাকিবের মৃত্যু হয়।
এদিকে আহত ওয়াজ উদ্দিন, মোর্শারফ ও আরফাত চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমান। পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে। তবে অভিযুক্তরা পলাতক থাকায় এখনো কাউকে আটক করা সম্ভব হয়নি।
নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। নিহতের পরিবার ও স্থানীয়রা হামলার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
























